
নিউজ ডেস্কঃ শিডিউল বিপর্যয়ের কাছে এবার হার মানতে হলো খোদ রেল কর্তৃপক্ষকে। একের পর এক সময় পরিবর্তন করেও শেষ রক্ষা না হওয়ায় যাত্রা বাতিল করা হয়েছে লালমনিরহাটের ঈদ স্পেশাল ট্রেনের। ফলে বিপাকে পড়েছেন ঘরমুখো যাত্রীরা । ভয়াবহ শিডিউল বিপর্যয়ে তীব্র ভোগান্তি আর অনিশ্চয়তায় ঝুঁকি নিয়ে ট্রেনে চেপে বাড়ির পানে ছুটছেন ঘরমুখো মানুষ। সড়ক পথের বাস যাত্রীদের একই রকম ভোগান্তি হলেও অনেকটা নির্বিঘ্নে ঢাকা ছাড়ছেন নৌযাত্রীরা।
দীর্ঘ অপেক্ষার পর মিলেছে কাঙ্ক্ষিত ট্রেনের দেখা। যে যেভাবে পারছেন উঠার চেষ্টা করছেন ট্রেনে। ভেতরে নেই পা ফেলার সামান্য একটু জায়গা, তাই তো বাধ্য হয়ে অতিরিক্ত যাত্রী হিসেবে অনেকেই চেপেছেন ট্রেনের ছাদে। এদিকে, অনেক চেষ্টায়ও শিডিউলে সমন্বয় করতে না পেরে লালমনিরহাট ঈদ স্পেশাল ট্রেনের যাত্রা বাতিল করেছে কর্তপক্ষ জানান কমলাপুর স্টেশন ম্যানেজার মো. আমিনুল হক।