
নিউজ ডেস্কঃ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি এমন কর্মকাণ্ড থেকে উত্তর কোরিয়াকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। উ. কোরিয়ার ৪ টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রেক্ষিতে আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, সম্প্রতি উ. কোরিয়ার ৪ টি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপের ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। ক্ষেপণাস্ত্র নিক্ষেপ জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলের সংশ্লিষ্ট সনদের লংঘন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে যোগ করা হয়, নন প্রলিফারেশন চুক্তি ও পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধের স্বাক্ষরকারী রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তির ব্যবহার পরিত্যাগে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।