
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোতে একটি মসজিদ ও ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান কমপ্লেক্সে সন্দেহভাজন হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই বন্দুকধারীও আছেন। স্থানীয় পুলিশের ধারণা, মুসলিম সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ থেকে এই হামলা হয়ে থাকতে পারে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। সান ডিয়েগো পুলিশপ্রধান স্কট ওয়াহল জানিয়েছেন, স্থানীয় সময় গতকাল সোমবার দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ইসলামিক সেন্টার অব সান ডিয়েগোতে ঘটে যাওয়া এ ঘটনায় দুই হামলাকারীকেও মৃত অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তারা নিজেদের গুলিতে আত্মহত্যা করেছে।
সংবাদ সম্মেলনে ওয়াহল বলেন, ‘ইসলামিক সেন্টারকে লক্ষ্য করে হামলা হওয়ায়, অন্য কিছু প্রমাণিত না হওয়া পর্যন্ত আমরা এটিকে বিদ্বেষজনিত অপরাধ হিসেবে বিবেচনা করছি।’ পুলিশপ্রধান জানান, সন্দেহভাজন দুই হামলাকারী পুরুষ। তাদের বয়স আনুমানিক ১৭ ও ১৯ বছর। তিনি আরও বলেন, হামলাকারীদের গুলিতে নিহত ৩ জনের একজন ছিলেন ইসলামিক সেন্টারের নিরাপত্তারক্ষী। পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠা ঠেকাতে তিনি ‘গুরুত্বপূর্ণ ভূমিকা’ পালন করেছেন। ওয়াহল জানান, তদন্তকারীরা এখন ঘটনাটির পেছনের কারণ ও পুরো পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন।