
নিউজ ডেস্ক : ঝিনাইদহ কালীগঞ্জের ষাটবাড়িয়া মসজিদের ইমাম আব্দুল হাই নিখোঁজ হয়েছেন। তাকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে সাদা পোশাকের লোকজন তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত চার দিনেও তার কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। তার বাবার নাম আশরাফুল আলম মুহুরী। কালীগঞ্জের মালিয়াট ইউনিয়নের ষাটবাড়িয়া গ্রামে তাদের বাড়ি।
স্থানীয়রা জানায়, গত ১৩ জুলাই আব্দুল হাই দুপুরে নিজ বাড়িতে ছিলেন। দুপুর ১টার দিকে দুটি মোটর সাইকেল যোগে সাদা পোশাকের লোকজন গোয়েন্দা পুলিশ পরিচয়ে তাকে তুলে নিয়ে যায়। এ ঘটনার পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন।
প্রতিবেশীরা জানান, আব্দুল হাই ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করে গ্রামের মসজিদে ইমামতি ও মক্তবে বাচ্চাদের আরবী শিক্ষা দিতেন। আর তিনি হোমিও চিকিৎসায় নিয়োজিত ছিলেন। তিনি ছাত্র জীবনে শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, তার কাছে ইমামকে তুলে নিয়ে যাওয়ার কোনো খবর নেই। তবে তিনি বিভিন্ন লোকমুখে খবরটি শুনছেন। তাছাড়া আব্দুল হাইয়ের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দেয়নি বলেও তিনি জানান।
অপরদিকে ঝিনাইদহ সদর উপজেলার চাপড়ী গ্রামের হাসান আলী নামে এক স্কুল ছাত্র এক বছর ধরে নিখোঁজ রয়েছে। তার মা সুন্দরী বেগম ঝিনাইদহ সদর থানায় একটি জিডি করেছেন।
জিডি সুত্রে জানা গেছে, সদর উপজেলার মধুপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র হাসান আলী এক বছর আগে প্রাইভেট পড়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর সে আর বাড়ি ফিরে আসেনি। বিদেশ যাওয়ার জন্য সে একটি পাসপোর্ট করেছিল। যার নম্বর-৫৭৩২৩৬৯। হাসানের মা সুন্দরী বেগম জানান, নিখোঁজ হওয়ার ৭/৮ দিন পর বাড়িতে ফোন দিয়ে বলেছিল সে ভালো আছে। একটি চাকরি করছে। তারপর থেকে পরিবারে সঙ্গে হাসান আলীর কোনো যোগাযোগ নেই।
এ বিষয়ে সদর থানা পুলিশের ভারাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্র নাথ সরকার জানান, এ বিষয়ে থানায় একটি জিডি হয়েছে। আমরা খোঁজ খবর নিচ্ছে।