
নিউজ ডেস্কঃ অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেছেন, যেকোনো অধ্যাদেশ একইভাবে পাস করতে হবে, একইভাবে গ্রহণ করতে হবে—এটা কিন্তু সাংবিধানিক বিধান না। সরকার চাইলে সেগুলো সংশোধন করে, সংযোজন করে নতুন আইন করতে পারে। আজ রোববার সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমার মনে হয়, নতুন সরকার দায়িত্ব পালন করছে। তারা এই বিচার বিভাগের জন্য যেটা বেটার, তারা সেটা করবে—এটা আমার প্রত্যাশার জায়গা থেকে আমি বলতে পারি। নতুন সরকার আইনের শাসনে বিশ্বাস করবে বলে বিশ্বাস করি। মানুষের মৌলিক মানবাধিকারে বিশ্বাস করবে বলে বিশ্বাস করি। তারা সেভাবে কাজ করছে। ইতিমধ্যে সরকারের যে স্বল্প সময়ের পথচলা, তারা তেমন একটা ইন্ডিকেশন দিয়েছে।’
অ্যাটর্নি জেনারেল বলেন, ‘এই সরকারে যাঁরা আছেন, তাঁরা দীর্ঘ ফ্যাসিবাদের জাঁতাকলে পৃষ্ঠ ছিলেন। তাঁরা নিশ্চয়ই চাইবেন না যে, তাঁদের শাসনামলে এই ঘটনার পুনরাবৃত্তি ঘটুক। যে অভিযোগে তাঁরা এত দিন পর্যন্ত রাজনৈতিক প্রতিপক্ষ সম্পর্কে বলেছেন, তাঁদের একইভাবে কেউ চিত্রিত করুক, সেটা তাঁরা নিশ্চয়ই চাইবেন না—এটাও তো আমার সরকারের কাছে প্রত্যাশা রয়েছে।’