
নিউজ ডেস্কঃ যশোরের ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে তিনটি নদীর খননকাজে অনিয়ম ও অস্বচ্ছতার অভিযোগ পাওয়া গেছে। এই অবস্থায় বর্ষকালে ফের জলাবদ্ধতার আশঙ্কা করছে এলাকার মানুষ। অভয়নগর উপজেলার ভবানীপুর গ্রামের কৃষক বলেন, ভবদহের জলাবদ্ধতা নিরসনে বর্তমানে এলাকার কোনো বিলে জোয়ারাধার (টিআরএম) কার্যকর নেই। আবার টেকা, শ্রী ও হরি নদীতে জোয়ারের সঙ্গে আসা পলি ব্যাপক হারে জমছে। খননকাজ চললেও আদতে কাজের কাজ কিছুই হচ্ছে না। নদী গভীর করে কাটা হচ্ছে না। ভেতরের উঁচু জায়গা চেঁছে সেই মাটি নদীর মধ্যেই ফেলা হচ্ছে। বর্তমানে যা অবস্থা তাতে বর্ষাকালে নদী দিয়ে পানি সরবে না। এবারও জলাবদ্ধতা থেকে রেহাই পাবেন না তাঁরা।
অভয়নগরসহ যশোরের মনিরামপুর ও কেশবপুর উপজেলা এবং খুলনার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার অংশবিশেষ নিয়ে ভবদহ অঞ্চল। এখানকার পানি নিষ্কাশনের একমাত্র মাধ্যম ওই তিন নদীপলি পড়ে নাব্যতা হারিয়েছে। এ অবস্থায় গত বছরের ৯, ১০ এবং ২১ ও ২২ আগস্ট দুই দফা টানা বর্ষণে ভবদহ অঞ্চলের অসংখ্য বাড়িঘর, মাছের ঘের, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান তলিয়ে যায়।পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) যশোর কার্যালয় সূত্র জানায়, ভবদহ স্লুইসগেটের উজান এবং ভাটিতে হরি নদীতে আট কিলোমিটারপাইলট চ্যানেল খননকাজ হচ্ছে। এক কোটি টাকার কাজটি করছে যশোরভিত্তিক ঠিকাদারি প্রতিষ্ঠান সনি করপোরেশন। গত ২২ এপ্রিল শুরু হওয়া এ কাজ আগামী ৩০ আগস্ট শেষ হওয়ার কথা। প্যাকেজের আওতায় নদী খনন ছাড়াও রয়েছে কচুরিপানা পরিষ্কার এবং স্লুইসগেটের পলি অপসারণ।
চুক্তি অনুযায়ী, চারটি খননযন্ত্র (এক্সকাভেটর) লাগিয়ে দুটি প্যাকেজে সাড়ে ৩ ও সাড়ে ৪ কিলোমিটার নদীতে পাইলট চ্যানেল কাটার কথা। কিন্তু শুরুতে মাত্র একটি খননযন্ত্র দিয়ে কাজ চলছিল। দিন কয়েক আগে আরেকটি আনা হয়েছে। আর চুক্তিতে কেবল হরি নদীর কথা উল্লেখ থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠান তিনটি (হরি, শ্রী ও টেকা) নদীতে কাজ করছে।১৭ জুন সরেজমিনে অভয়নগরের চোমরডাঙ্গা এলাকায় গিয়ে দেখা যায়, পশ্চিম তীর ঘেঁষে একটি এক্সকাভেটর দিয়ে টেকা নদী খনন করা হচ্ছে। মাটি ফেলা হয়েছে তীরসংলগ্ন নদীর মধ্যে। কিছু মাটি নদীর মধ্যে গিয়ে পড়েছে। এক্সকাভেটর দিয়ে মাটি কেটে নদীর পাড় লেপে দেওয়া হচ্ছে। ফলে ওই মাটি সঙ্গে আরও মাটি নিয়ে ভেঙে নদীর মধ্যে পড়ছে। আসলে কাজ হচ্ছে না, ব্যবসা হচ্ছে।
জানা যায়, মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে ঠিকাদারকে সাত দিনের মধ্যে কার্যাদেশ দেওয়া হয়েছিল। নদীর তলদেশে পাঁচ মিটার থেকে শুরু করে আট মিটার পর্যন্ত চ্যানেল খনন করার কথা। দুটি প্যাকেজে চারটি এক্সকাভেটর খননকাজ করবে। দুটি এক্সকাভেটর নদীর মধ্যে চ্যানেল কেটে মাটি পাড়ে ওঠাবে এবং অপর দুটি এক্সকাভেটর মাটি অন্যত্র সরিয়ে ফেলবে।চোমরডাঙ্গা এলাকায় নদী খননকাজ তদারকি করছিলেন যশোর-৫ আসনের সাংসদ স্বপন ভট্টাচার্য। খননকাজ কারা করছেন এবং কাজ কেমন হচ্ছে, জানতে চাইলে তিনি বলেন, স্থানীয় জনপ্রতিনিধিরা এ কাজ করছেন। কাজ ভালো হচ্ছে কী মন্দ হচ্ছে সেটা বিষয় নয়। জল আটকে জলাবদ্ধতা হচ্ছে কি না, সেটা বিষয়। খননের ফলে নদীর অবস্থা ভালো। নদী দিয়ে জল বের হচ্ছে। এবার জলাবদ্ধতা হবে না। তিনি আরও বলেন, ‘গত বছর যখন জলাবদ্ধতা হয়েছিল তখন দুই মাসে আমি ২৭ বার ভবদহে এসেছি। এবার সেই অবস্থা নেই। তারপরও যাতে জলাবদ্ধতা না হয়, সে জন্য আমি মাঝেমধ্যে ভবদহে এসে কাজ তদারকি করি।’
ঠিকাদারি প্রতিষ্ঠান সনি করপোরেশনের স্বত্বাধিকারী হাবিবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তাঁর ভাই শরিফুল ইসলাম ওরফে রিপন বলেন, ‘সনি করপোরেশনের লাইসেন্স আমার ভাইয়ের নামে। কিন্তু সব দেখাশোনা করি আমি। নির্ধারিত সময়ের মধ্যে আমরা কাজ শেষ করব।’সরেজমিনে নদীর কোথাও এ প্রকল্পের কোনো সাইনবোর্ড চোখে পড়েনি। নিয়মানুযায়ী, দর্শনীয় স্থানে সাইনবোর্ড টাঙাতে হয়। তাতে থাকবে প্যাকেজের নাম, ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম-ঠিকানা, প্রাক্কলিত ব্যয়, কাজ শুরু-শেষের তারিখ ইত্যাদি। এ বিষয়ে শরিফুল ইসলাম বলেন, পাউবোর কর্মকর্তারা এত দিন সাইনবোর্ড লাগানোর কথা বলেননি। তবে দু-এক দিনের মধ্যে লাগিয়ে দেবেন।তবে পাউবো যশোরের নির্বাহী প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী বলেন, বারবার বলা সত্ত্বেও ঠিকাদারি প্রতিষ্ঠান সাইনবোর্ড লাগাচ্ছে না। তারা না দিলে পাউবো নিজ দায়িত্বে দুই দিনের মধ্যে সাইনবোর্ড টাঙিয়ে দেবে।