
নিউজ ডেস্কঃ কমলাপুর রেলস্টেশনে গতকাল রেলের স্বয়ংক্রিয় সংকেতব্যবস্থায় ত্রুটির কারণে অনেক ট্রেন সময়সূচি মেনে চলেনি। অপেক্ষমাণ যাত্রীরা ট্রেনের আগমন ও প্রস্থান জানতে তাই চোখ রাখছিলেন স্টেশনে স্থাপন করা মনিটরে । উল্লেখ্য অগ্রিম টিকিটে ঈদযাত্রা শুরু হচ্ছে আজ বুধবার। তবে গতকাল মঙ্গলবার রাজধানীর কমলাপুর রেলস্টেশনের স্বয়ংক্রিয় (অটোমেটিক) সংকেতব্যবস্থা বিকল হয়ে পড়ে। ম্যানুয়াল পদ্ধতিতে (কর্মীদের হাতে সংকেত ঠিক করা) চালাতে গিয়ে ২৩টি ট্রেন সময়মতো পৌঁছাতে ও ছেড়ে যেতে পারেনি।গতকাল দেরিতে কমলাপুর ছেড়ে যাওয়া ট্রেন ফিরবেও দেরিতে। ঢাকা থেকে ছাড়বেও দেরিতে। তাই এবার ট্রেনে ঈদযাত্রা সময় বিপর্যয় দিয়ে শুরু হওয়ার শঙ্কা করছেন রেলওয়ের কর্মকর্তারাই। এর আগে গত এক মাসে কমলাপুর ও টঙ্গীতে তিনবার সংকেতব্যবস্থা বিকল হওয়ার কারণে ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে বিলম্বে চলাচল করে। কমলাপুর স্টেশনে দৈনিক প্রায় ১০০ ট্রেন আসা-যাওয়া করে। এবার ঈদ উপলক্ষে কমলাপুর স্টেশন থেকে প্রতিদিনের যাত্রার ২২ হাজারের মতো অগ্রিম টিকিট বিক্রি করা হয়েছে।
রেলওয়ে সূত্র বলেছে, গতকাল সকাল সাড়ে সাতটার দিকে প্রথম সংকেতব্যবস্থায় ঝামেলা হয়। কিছুক্ষণ পর আবার ঠিক হয়ে যায়। পরক্ষণেই আবার কিছুক্ষণের জন্য বিকল হয়। সকাল ৯টা ২৫ মিনিটের পর পুনরায় সংকেতব্যবস্থা বিকল হয়ে পড়লে ট্রেন চলাচলের সূচি এলোমেলো হয়ে পড়ে। প্রায় সোয়া তিন ঘণ্টা পর স্টেশনমাস্টারের কক্ষে থাকা নিয়ন্ত্রণ বোর্ডের সঙ্গে যোগাযোগ তৈরি হয়। তবে সন্ধ্যা পর্যন্ত এর প্রভাব ছিল।এই সময়ের মধ্যে বেশ কিছু ট্রেন সময়মতো ছাড়া যায়নি। এর মধ্যে রংপুর এক্সপ্রেস দুই ঘণ্টা দেরিতে ছেড়ে যায়। এই ট্রেন রংপুর থেকে ঘুরে এসে আজ সকালে অগ্রিম টিকিট কেটে রাখা যাত্রীদের নিয়ে আবার যাত্রা করার কথা। যেতে দেরি হওয়ায় ফিরতেও দেরি হবে। তাই ঈদযাত্রার প্রথম দিনেই এই ট্রেন দেরিতে ছাড়বে বলে শঙ্কা রেল কর্মকর্তাদের। রংপুর এক্সপ্রেসের বাইরে গতকাল দুই ঘণ্টা বা এর বেশি দেরিতে ছাড়ে কালনী এক্সপ্রেস, কিশোরগঞ্জ এক্সপ্রেস ও মোহনগঞ্জ এক্সপ্রেস। এগারসিন্ধুর, উপকূল, ব্রহ্মপুত্রসহ কয়েকটি ট্রেন দেড় থেকে দুই ঘণ্টা দেরিতে ঢাকায় পৌঁছায়।
রেলওয়ে সূত্র বলেছে, এর আগে গত ১৭ মে কমলাপুর স্টেশনে স্বয়ংক্রিয় সংকেতব্যবস্থা বিকল হয়েছিল। এ কারণে ১৯টি ট্রেন বিলম্বে যাত্রা ও প্রবেশ করে। ২০ মে আবার একই সমস্যা হলে আটটি ট্রেন সময় মেনে চলতে পারেনি। গত শনিবার টঙ্গী রেলস্টেশনের সংকেতব্যবস্থা বিকল হয়েছিল। তখন ১৮টি ট্রেন সময় মেনে চলতে পারেনি। এ ছাড়া বৃহস্পতিবার পুবাইল স্টেশনের কাছে একটি মালবাহী ট্রেনের আটটি বগি লাইনচ্যুত হয়। এগুলো তুলতে পুরো দিন একটি লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ ছিল।গতকাল নেত্রকোনার মোহনগঞ্জের পথে চলাচলকারী মোহনগঞ্জ এক্সপ্রেস কমলাপুর থেকে ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় বেলা ২টা ২০ মিনিট। ৩টায়ও এর কোনো খবর ছিল না। কর্তৃপক্ষ জানিয়ে দেয়, বিকেল ৪টার আগে এই ট্রেন যাবে না। এই ট্রেনে স্ত্রীসহ পরিবারের চার সদস্যকে তুলে দিতে এসেছিলেন শফিকুল ইসলাম। তিনি বলেন, যানজটের কথা বিবেচনা করে মিরপুর থেকে দুপুর ১২টায় রওনা দেন। কমলাপুরে পৌঁছান বেলা দেড়টায়। এরপর থেকে অপেক্ষার প্রহর গুনছেন। ট্রেনটি পরে ৪টা ২০ মিনিটে ছাড়ে।এ সময় কমলাপুর স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেস, চট্টগ্রামের সুবর্ণ এক্সপ্রেস, রাজশাহীর সিল্কসিটিসহ আরও কিছু মেইল ও লোকাল ট্রেনের যাত্রীতে গিজগিজ করছিল। অনেকেই কাঙ্ক্ষিত ট্রেন কখন ছাড়বে, তা জানতে স্টেশনে লাগানো পর্দায় চোখ রাখছিলেন।
রায়েরবাজারের আজমত আরা সন্তানসহ যাবেন রাজশাহীতে, সিল্কসিটি ট্রেনে। তিনিও দুপুরে কমলাপুর স্টেশনে এসেছেন। তাঁদের ট্রেন ছাড়ার সময় নির্ধারিত ছিল বেলা ২টা ৪০ মিনিট। কিন্তু ট্রেনটি বিকেল পৌনে ৪টার দিকে কমলাপুর ছেড়ে যায়।জানতে চাইলে রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) হাবিবুর রহমান বলেন, কারিগরি ত্রুটি হলে তো কিছু করার নেই। সময়সূচিতে বিপর্যয় ঠেকাতে সাধ্যমতো চেষ্টা করছেন তাঁরা।রেলওয়ে সূত্র বলেছে, কমলাপুরসহ বড় জংশনগুলোতে অসংখ্য লাইন আছে। এসব লাইন থেকে ট্রেনগুলো খিলগাঁও রেলক্রসিংয়ে গিয়ে একটি লাইনে ওঠে। আবার আসার পথে একটি লাইন ধরে চলতে চলতে কমলাপুর স্টেশনে প্রবেশ করে একাধিক লাইন পরিবর্তন করে প্ল্যাটফর্মে আসে। লাইন পরিবর্তনের এই প্রক্রিয়া সম্পন্ন হয় কিছু জোড়ার ‘পয়েন্টসের’ মাধ্যমে। এই জোড়াগুলোতে রেলপাতগুলো এমনভাবে বসানো যে স্টেশনমাস্টার চাইলে ইচ্ছামতো লাইনে ট্রেন নেওয়া যায়। আর এই প্রক্রিয়া সম্পন্ন হয় নিয়ন্ত্রণকক্ষে থাকা বোর্ডের সুইচ টিপে।
গতকাল সুইচ টিপে নিয়ন্ত্রণের ব্যবস্থাই বিকল হয়ে যায় জোড়া বা পয়েন্টস স্বয়ংক্রিয়ভাবে কাজ না করলে রেলের কর্মীরা গিয়ে হাতে তা স্থাপন করেন। এটাকে রেলের ভাষায় বলা হয় ‘পয়েন্টস বানানো’। গতকাল রেলকর্মীরা পয়েন্ট বানিয়ে ট্রেন চালিয়েছেন। এ জন্য স্বাভাবিক সময়ে প্রতি ১৫ মিনিট পর পর কমলাপুর স্টেশনে ট্রেন প্রবেশ ও ছেড়ে যাওয়ার সুযোগ থাকলেও গতকাল দুপুর পর্যন্ত তা হয় প্রায় ৪৫ মিনিট পর পর।রেলের সিগন্যাল ও সংকেত বিভাগ এই ব্যবস্থা তদারকের দায়িত্বে। গতকালের বিপর্যয় সম্পর্কে জানতে চাইলে এর ঢাকা বিভাগীয় প্রকৌশলী তারেক শামস তুষার বলেন, দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে স্টেশনমাস্টারের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হয়েছেন। তবে কী কারণে এই বিপর্যয়, তার কোনো কারণ জানাতে পারেননি তিনি।