
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর নির্দেশে চাল আমদানির শুল্ক ২৮ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এ সিদ্ধান্তের ফলে চালের ওপর থেকে শুল্ক কমছে শতকরা ১৮ টাকা। এতে প্রতিকেজি মোটা চালের দাম কমার কথা কমপক্ষে ৬ টাকা। কিন্তু আসলেই কি এতে চালের দাম কমবে? যদি কমে তাহলে কবে নাগাদ কমতে পারে?এছাড়া, কম শুল্কে আমদানি করা চাল কোথায়, কতো দামে বিক্রি হচ্ছে তা কে মনিটর করবে? শুল্ক কমানোর ফলে চালের বাজারে যে ইতিবাচক প্রভাব পড়ার কথা, তা কি পড়েছে? যদি না পড়ে তাহলে এর জন্য কে দায়ী? দায়ীদের শনাক্ত করা হবে কি, তারা শাস্তি পাবে কি? এসব সহজ প্রশ্নের উত্তর পাওয়া নিয়েই জনমনে শঙ্কা দেখা দিয়েছে।বাজার বিশ্লেষণে দেখা যায়, দেশে কোনও পণ্যের দাম একবার বাড়লে তা আর কমে না। তাই জনমনে প্রশ্ন, সরকারের এই সিদ্ধান্তের ফলে জনগণ উপকৃত হবে কি না। ট্যাক্স কমানোর ফলে সরকারের রাজস্ব আদায় কমবে, অপরদিকে জনগণ এই ট্যাক্স কমানোর সুফল পেলো না- তাহলে লাভ কি হলো? এতে অসাধু ব্যবসায়ীরা দ্বিগুণ লাভবান হবে। বিষয়টি বিবেচনায় রেখে এই মুহূর্ত থেকে মনিটরিং প্রয়োজন, বলে মনে করছে সংশ্লিষ্টরা।
বাজার ঘুরে দেখা গেছে, গত ৫ মাসে চালের দাম বেড়েছে সবচেয়ে বেশি। প্রতি মাসেই সব ধরনের চালে কেজিপ্রতি দাম বেড়েছে ২ থেকে ৩ টাকা ও চিকন চালের দাম বেড়েছে কেজিতে ১০ থেকে ১৫ টাকা। বাজারে এখন প্রতি কেজি বিআর-২৮ চালের কেজি ৫২ থেকে ৫৬ টাকা। আর পাইজম চালের কেজি ৫০ থেকে ৫৪ টাকা। অথচ জানুয়ারিতেও এই দুই প্রকার চালের দাম ছিল ৪৬ থেকে ৪৮ টাকা। আর গত বছরের এই সময় দাম ছিল ৪০ থেকে ৪২ টাকা। এক বছরে মাঝারি মানের এই চালের দাম বেড়েছে ১৯.৫১ শতাংশ।বাজার সংশ্লিষ্টদের অভিযোগ, মিলারদের কারসাজিতে বেড়েছে মোটা চালের দাম। চালের বাজার স্থিতিশীল রাখতে খাদ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ১৫ টাকা কেজি দরে খোলা বাজারে চাল বিক্রি করলেও তা ইতিবাচক প্রভাব ফেলতে পারছে না। যদিও সরকারের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে আমদানিকৃত চাল বাজারে এসে পৌঁছালেই বাজার স্বাভাবিক হবে। কিন্তু এখনও সরকারিভাবে আমদানি করা চাল দেশে আসেনি।কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবীর বলেন, অস্বাভাবিকভাবে বেড়েছে চালের দাম।শুল্ক কমানোর প্রেক্ষিতে যেন জনগণ উপকার পায়, সেজন্য আমদানি পর্যায় থেকে বাজার মনিটরিং করতে হবে।