News71.com
 Bangladesh
 20 Jun 17, 11:42 PM
 246           
 0
 20 Jun 17, 11:42 PM

সুনামগঞ্জের জোড়া খুন মামলার প্রধান আসামীর আদালতে আত্মসমর্পণ।।

সুনামগঞ্জের জোড়া খুন মামলার প্রধান আসামীর আদালতে আত্মসমর্পণ।।

নিউজ ডেস্কঃ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার দুধবহর গ্রামের ২০১৫ সালের আলোড়ন সৃষ্টিকারী জোড়া খুন হত্যা মামলার প্রধান আসামী আব্দুল মোতালিব (৫৫) আদালতে আত্মসমর্পণ করেছেন। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে ধর্মপাশা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বেচ্ছায় গিয়ে তিনি আত্মসমর্পণ করেন। এ সময় আসামী আব্দুল মোতালিব তার আইনজীবীর মাধ্যমে বিজ্ঞ আদালতের কাছে জামিনের আবেদন করলে আদালত তার জামিন নামঞ্জুর করে জেল-হাজতে পাঠানোর নির্দেশ দেন। আদালত সূত্রে জানা গেছে,২০১৫ সালের ১৫ সেপ্টেম্বর বিকেলে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে উপজেলার দুধবহর গ্রামের মোখলেছ মিয়ার (৪৫) লোকজনের সাথে একই গ্রামের আব্দুল মোতালিবের (৫৫) লোকজনের সংঘর্ষ হয়। সংঘর্ষে আব্দুল মোতালিব ও তার লোকজনের ধারালো অস্ত্রের আঘাতে মোখলেছ মিয়ার স্ত্রী শাহেরা খাতুন (৩৬) ও তার মা হাসেন বানু (৬০) গুরুতর আহত হন। আহত দুইজনকেই প্রথমে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে তাদের অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক ওই রাতেই ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। পরে সেখানে ১৬ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় মোখলেছ মিয়ার মা হাসেন বানুর মৃত্যু হয় এবং একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৯ সেপ্টেম্বর মোখলেছ মিয়ার স্ত্রী শাহেরা খাতুনেরও মৃত্যু হয়। পরে এ ঘটনায় মোখলেছ মিয়া বাদি হয়ে প্রতিপক্ষ আব্দুল মোতালিবসহ ৫ জনকে আসামী করে ধর্মপাশা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলার অন্যান্য অসামীরা আদালতে আত্মসমর্পণ করলেও মামলার প্রধান আসামী আব্দুল মোতালিব পলাতক ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন