
নিউজ ডেস্কঃ সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক আর নেই (ইন্না লিল্লাহি...রাজিউন)। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের পর আজ বিকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।
এর আগে, গত ১ সেপ্টেম্বর শরীরে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন সৈয়দ শামসুল হক। চার মাস আগে লন্ডনে চিকিৎসা করাতে গিয়ে তার ফুসফুসের ক্যান্সার ধরা পড়ে। সেখানে ক্যান্সারের চিকিৎসায় তাকে কেমোথেরাপি ও রেডিওথেরাপি দেওয়া হয়। চিকিৎসায় উন্নতি না হাওয়ায় লন্ডনের চিকিৎসকরা শামসুল হককে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর পরামর্শ দিলে লেখককে দেশে ফিরিয়ে আনা হয়।
১৯৩৫ সালের ২৭ ডিসেম্বর কুড়িগ্রামে জন্ম সৈয়দ শামসুল হকের। কবিতা, ছোটগল্প, উপন্যাস, কাব্যনাট্যসহ সাহিত্যের সব শাখায় সাবলীল পদচারণার জন্য তাকে 'সব্যসাচী লেখক' বলা হয়। ১৯৬৪ সালে মাত্র ২৯ বছর বয়সে বাংলা একাডেমী পুরস্কার পান সৈয়দ শামসুল হক। এখন পর্যন্ত বাংলা একাডেমি পুরস্কার পাওয়া সর্বকনিষ্ঠ লেখক তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি হলেও স্নাতক শেষ না করেই ১৯৫৬ সালে পড়াশুনা ছেড়ে দেন সৈয়দ শামসুল হক। এরপরেই প্রকাশিত হয় তার প্রথম উপন্যাস ‘দেয়ালের দেশ’। তার বিখ্যাত কাব্যগ্রন্থগুলোর মধ্যে রয়েছে ‘একদা এক রাজ্যে’, ‘বৈশাখে রচিত পঙক্তিমালা’, ‘পরানের গহীন ভিতর’, ‘অপর পুরুষ’, ‘অগ্নি ও জলের কবিতা’। বিখ্যাত উপন্যাসের মধ্যে রয়েছে ‘খেলারাম খেলে যা’, ‘নিষিদ্ধ লোবান’, ‘সীমানা ছাড়িয়ে’, ‘নীল দংশন’, ‘বারো দিনের জীবন’, ‘তুমি সেই তরবারী’, ‘কয়েকটি মানুষের সোনালী যৌবন’, ‘নির্বাসিতা’। ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’, ‘নুরলদীনের সারা জীবন’ সৈয়দ শামসুল হকের বিখ্যাত কাব্যনাট্য।