
নিউজ ডেস্কঃ গাইবান্ধায় আব্দুল হাদি (২৫) নামে এক জেএমবি সদস্যসহ ৫জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার (২৬ সেপ্টেম্বর) রাত থেকে আজ মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় ।
আব্দুল হাদি সাঘাটা উপজেলার জুমারবাড়ী ইউনিয়নের ঠেংগারপাড়া গ্রামের আতোয়ার মণ্ডলের ছেলে। বাকিদের নাম জানা যায়নি। জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর আসাদুজ্জামান আসাদ জানান, জেলার সদর, সাদুল্যাপুর, সুন্দরগঞ্জ, পলাশবাড়ী থেকে ৪জন এবং সাঘাটা উপজেলা থেকে এক জেএমবি সদস্যকে গ্রেফতার করা হয় ।
আব্দুল হাদি জেএমবির একজন সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে সাঘাটা থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে। দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন। এছাড়া গ্রেফতারকৃত অন্যদের বিরুদ্ধে আদালতে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে বলেও জানান তিনি। জেলা অতিরিক্ত পুলিশ সুপার আশফিকুজ্জামান আকতার এ বিষয়টি নিশ্চিত করেন ।