
নিউজ ডেস্কঃ জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় 'মাদকাসক্ত' ছেলে ওমর আলী (২০) এর হাতে খুন হয়েছেন বাবা মমতাজ মণ্ডল (৬০)।
আজ সকালে উপজেলার ভাটারা ইউনিয়নের চন্দনপুর গ্রামে বাঁশের আঘাতে তার মৃত্যু হয়।
মমতাজ মণ্ডলের মেয়ে লায়লা বেগম জানান, তার ভাই ওমর আলী মাদকাসক্ত। সে সকালে ক্ষুব্ধ হয়ে বাবার মাথায় বাঁশ দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে ওমর পলাতক রয়েছেন।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খান বলেন, মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন হয়েছেন বলে জানা গেছে। বাবার লাশ উদ্ধার করে থানায় আনা হচ্ছে। এ ঘটনায় মামলা হবে।