
নিউজ ডেস্ক: চট্টগ্রামের মিরসরাইয়ে কাভার্ড ভ্যান ও একটি বাসের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। আজ শনিবার ভোর সাড়ে ৫ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়নের বড়তাকিয়া বাজার সংলগ্ন মিরসরাই ফিলিং ষ্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে পুলিশ বলেছে, এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হয় ৫ জন। নিহতরা হলেন- বাসযাত্রী সুস্মিত (৩০), সৈয়দুর রহমান (৫০), বাসের সহকারী মোহাম্মদ আলী। বাকিদের নাম এখনও জানাতে পারেনি পুলিশ। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতাল-ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ঘটনায় জানা গেছে, আজ ভোর সাড়ে ৫ টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া বাজার সংলগ্ন মিরসরাই ফিলিং ষ্টেশনের সামনে শ্যামলী পরিবহণের চট্টগ্রামগামী একটি বাস দাঁড়ানো ছিল। তখন চট্টগ্রামগামী একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পেছন দিক থেকে বাসকে ধাক্কা দেয়। এতে করে বাসের ৩ যাত্রী, বাসের সহকারী ও কাভার্ড ভ্যানের সহকারী ঘটনাস্থলেই নিহত হয়। মিরসরাই থানা পুলিশ, জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও মিরসরাই ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কর্মীরা দুর্ঘটনাস্থল থেকে লাশগুলো উদ্ধার করে।
জোরারগঞ্জ চৌধুরীহাট হাইওয়ে পুলিশের ইনচার্জ ফরিদ উদ্দিন বলেছেন, ওই দুর্ঘটনাস্থল থেকে লাশ ও দুর্ঘটনা কবলিত গাড়িগুলো উদ্ধার করা হয়েছে।