
নিউজ ডেস্কঃ ঈদ উপলক্ষে সরকারি ছুটি রোববার (১১ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়ার কথা থাকলেও তার আগে শুক্র-শনিবার থাকায় কার্যত ছুটি শুরু হয়ে গেছে শেষ কর্মদ্সি বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকেল থেকেই। ফলে সড়কে স্বাভাবিকের তুলনায় কয়েক গুণ বেশি গাড়ির চাপে বৃহস্পতিবার সকালে ব্যাপক যানজটের পর প্রায় সারাদিনই থেমে থেমে গাড়ি চলেছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে।
আজ সেই রেশ না কেটে বরং বেড়েছে। এতে ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কে ৬০ কিমি যানজট দেখা দিয়েছে। ফলে উত্তরের পথে এই ধীরগতির কারণে দুর্ভোগ পোহাচ্ছেন ঘরমুখী যাত্রীরা।
কারণ ঢাকা থেকে এই পথ ধরেই বঙ্গবন্ধু সেতু হয়ে উত্তরবঙ্গ এবং দক্ষিণের বিভিন্ন জেলায় পৌঁছান নাড়ির টানে বাড়ি ফেরা উত্তর পথের মানুষ। আর ঢাকার কোরবানির পশুর হাটের চাহিদা মেটাতে এই পথ ধরেই উত্তরবঙ্গ থেকে ঢাকা আসছে গরুবোঝাই ট্রাক। তাই আগের দুদিনের মত ব্যাপক জট না থাকলেও ঈদের ছুটি শুরুর প্রথম দিন সকালেও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলছে ধীর গতিতে। ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ঈদে ঘরে ফেরা মানুষ ও চালকদের।
গত বৃহস্পতিবার রাত রাত ৯টা পর্যন্ত যানবাহন ধীরগতিতে চললেও রাত সাড়ে ১০টার পর থেকে এই মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বঙ্গবন্ধুসেতু পূর্ব পার থেকে মির্জাপুরের গোড়াই পর্যন্ত ৬০ কিলোমিটার যানজটের কারণে নাজেহাল হয়ে পড়েছেন যাত্রীরা।
গোড়াই মহাসড়ক থানার এলেঙ্গা ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, মহাসড়কের বঙ্গবন্ধু সেতুর পূর্ব পার থেকে গাজীপুরের চন্দ্রা পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার সড়কে যানবাহনের দীর্ঘ সারি রয়েছে, সামনে এগোতে হচ্ছে থেমে থেমে।
রাজশাহীগামী এক যাত্রী বলেন, ' বাস দুই হাত করে যাচ্ছে, আধা ঘণ্টা বসে থাকছে, আবার দুই হাত যাচ্ছে। কখন পৌঁছাব বলতে পারছি না।'
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল ইসলাম জানান, ঈদে ঘরে ফেরা মানুষবাহী গাড়িগুলোর ব্যাপক চাপ রয়েছে। অতিরিক্ত চাপের কারণে যান চলাচলের গতি কমে আসছে। তবে বড় ধরনের কোনো যানজট নেই।
অপরদিকে হাটিকুরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, বঙ্গবন্ধু সেতু গোল চত্বর থেকে গাড়িগুলো খুব ধীর গতিতে চললেও হাটিকুমরুল গোলচত্বর থেকে অপর তিনটি রুটে গতি স্বাভাবিক হচ্ছে।
তিনি আরও জানান, ঈদে ঘরে ফেরা যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে জেলার ১০৩ কিলোমিটার মহাসড়ক জুড়ে নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। এ ছাড়াও যাত্রীদের সচেতন করতে জনসচেতনতামূলক প্রচারণা চালনো হচ্ছে।