News71.com
 Bangladesh
 30 Aug 16, 10:30 PM
 305           
 0
 30 Aug 16, 10:30 PM

জঙ্গি তামিমকে দোজখে পাঠানো হয়েছে ।। আইজিপি শহীদুল হক

জঙ্গি তামিমকে দোজখে পাঠানো হয়েছে ।। আইজিপি শহীদুল হক

 

নিউজ ডেস্কঃ পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, মানুষ হত্যা করে জান্নাত পেতে চায় জঙ্গি তামিম চৌধুরী। ওকে আসলে জান্নাত নয় দোজখে পাঠানো হয়েছে।

মঙ্গলবার বিকালে গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলায় শহীদ পুলিশ পরিবারের সদস্যদের আর্থিক অনুদান প্রদান উপলক্ষ্যে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনের শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পুলিশ প্রধান আরও বলেন, গুলশান, শোলাকিয়াসহ প্রত্যেকটি ঘটনায় পেছনে তামিমের পরিকল্পনা ছিল। অনেকে সমালোচনা করেছে তামিমকে কেন জীবিত ধরা হলো না। আসলে ও (তামিম) তো সুইসাইডাল। ওকে জীবিত ধরা রিস্কি। এছাড়া ওর মতো মানুষকে তো জীবিত ধরা ম্যান্ডাটরি নয়। তবুও ওকে সকাল ৬টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত সময় দেয়া হয়েছে। এ সময়ের মধ্যে ও সারেন্ডার করেনি। এরপরই অপারেশন চালানো হয়।

কর্তব্য পালন অবস্থায় যেসব পুলিশ সদস্য মারা গেছে তাদের পাশে সারা জীবন থাকার প্রতিশ্রুতি দিয়ে আইজিপি বলেন, প্রধানমন্ত্রী নিজে শহীদ পুলিশ সদস্যদের পরিবারের খোঁজ নিচ্ছেন। গুলশান হামলায় নিহত দুই পুলিশ সদস্যের পরিবারকে গেলো ঈদে ছয় লাখ টাকা অনুদান দিয়েছেন। আমরাও এর আগে অনুদান দিয়েছি। তিনি আরো বলেন, কর্তব্য পালনকালে নিহত পুলিশ সদস্যরা চাকরির মেয়াদ পর্যন্ত রেশনসহ সব ধরণের সুযোগ সুবিধা পাবেন।

অনুষ্ঠানের সভাপতি ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, পুলিশ যে কোনো পরিস্থিতিতে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। গুলশান, শোলাকিয়া, কল্যাণপুর ও নারায়ণগঞ্জের ঘটনায় তারা নিজেদের প্রমাণ করেছে।

ডিএমপি কমিশনার বলেন, যিনি জননিরাপত্তার জন্য হুমকি হবেন, তিনি যতো ক্ষমতাধরই হোক না কেন, যে পদেই থাকুক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন