
নিউজ ডেস্ক: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাছে সালমানপুর এলাকার প্রশান্তি নামের একটি বেসরকারি ছাত্রী নিবাসে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ছাত্রী ফাহমিদা হাসান দগ্ধ হয়। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুই ছাত্রীকে। তাদের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল রবিবার কুমিল্লার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার সুমী এই আদেশ দেন। আর এই বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা সদর দক্ষিণ মডেল থানার এসআই খাদেমুল বাহার।
জানা গেছে, গত বৃহস্পতিবার কুমিল্লার বিচারিক হাকিম নাজমুন নাহার সুমীর আদালতে হাজির করা হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নুরুন্নাহার ও হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মর্জিনা আক্তারকে। মামলার তদন্ত কর্মকর্তা ও সদর দক্ষিণ মডেল থানার উপপরিদর্শক খাদেমুল বাহার দুই ছাত্রীর ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
তিনি বলেছেন, দুই ছাত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৫ দিনের রিমান্ড চেয়েছিলাম, আদালত তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। পরে আজ সোমবার থেকে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।
আরও জানা গেছে, গত মঙ্গলবার সকাল ৬টার দিকে সালমানপুর গ্রামে মনিরুল ইসলাম মৃধার প্রশান্তি ছাত্রী নিবাসের নিচ তলায় বিস্ফোরণে ফাহমিদা দগ্ধ হন। এতে করে ওই ভবনের নিচতলার জানালার গ্রিল উড়ে যায় ও কাঁচ ভেঙে যায়। পরদিন বুধবার কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানার এসআই শহীদুল বাশার সন্ত্রাস দমন আইনে অজ্ঞাত কয়েকজনসহ তিন ছাত্রীর বিরুদ্ধে মামলা করেন।
এই মামলার তিনজন আসামি হলো, নুরুন্নাহার, মর্জিনা আক্তার ও দগ্ধ ছাত্রী ফাহমিদা হাসান। ফাহমিদা অর্থনীতি দ্বিতীয় বর্ষের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী। তাকেও এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। দগ্ধ ছাত্রী ফাহমিদা বর্তমানে পুলিশ পাহারায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।