
নিউজ ডেস্কঃ মিথ্যা তথ্যের ওপর ভিত্তি করে ঋণ দেয়ার মামলায় অগ্রণী ব্যাংকের ডিএমডি মিজানুর রহমান খানসহ তিনজনকে নিম্ন আদালতে দেয়া জামিন বহাল রেখেছে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। আজ সোমবার জামিন স্থগিত চেয়ে দুদকের এ সংক্রান্ত আবেদন খারিজ করে দেন প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ।
মিথ্যা তথ্যের ওপর ভিত্তি করে মুন গ্রুপকে ১০৮ কোটি টাকা ঋণ দেয়া এবং পর্যায়ক্রমে ৯৪ কোটি ৮০ লাখ টাকা উত্তোলনের অভিযোগে আটজনের বিরুদ্ধে রাজধানীর মতিঝিল থানায় গত ৩০ জুন মামলা করে দুদক। এই মামলায় মিজানুর রহমানসহ ব্যাংকটির উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. আখতারুল আলম ও সহকারী মহাব্যবস্থাপক মো. শফিউল্লাহকে ১ জুলাই গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, গত ৪ আগষ্ট ঢাকা মহানগর দায়রা জজ তাদের জামিন মঞ্জুর করে। ওই জামিন আদেশ স্থগিত চেয়ে দুদক আবেদন করলে হাইকোর্ট নিম্ন আদালতের জামিন বহাল রাখে। এই জামিন আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়। নিম্ন আদালতে জামিন বহাল রেখে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত চেয়ে লিভ টু আপিল দায়ের করে দুদক।
আবেদনের পক্ষে দুদক কৌসুলি ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব এবং ব্যাংক কর্মকর্তাদের পক্ষে আইনজীবী আব্দুল বাসেত মজুমদার ও শম রেজাউল করিম শুনানি করেন। শুনানি শেষে আপিল বিভাগ আজ ওই আদেশ দেয়।