
নিউজ ডেস্কঃ বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) উদ্যোগে মতিঝিলস্থ বিসিক ভবনে রবিবার থেকে ৫ দিনব্যাপী শরৎমেলা- ১৪২৩ ও ত্রৈমাসিক কারুশিল্প প্রদর্শনী শুরু হয়েছে। মেলায় বিভিন্ন ধরনের পোশাক, নকশীকাঁথা, তাঁতের ও জামদানি শাড়ি, পাটজাত হস্তশিল্প, আধুনিক পদ্ধতিতে উৎপাদিত মধু, খাদ্যজাত সামগ্রীসহ হস্ত ও কুটির শিল্পজাত পণ্যের বিপুল সমারোহ ঘটেছে। মেলা উপলক্ষে কারুশিল্পীদের উৎপাদিত পণ্যসামগ্রী নিয়ে চলছে কারুশিল্প প্রদর্শনী।
বিসিক চেয়ারম্যান মো. হজরত আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত মেলা ও প্রদর্শনীর উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিকের পরিচালক (নকশা ও বিপণন) মো. মোস্তফা কামাল। স্বাগত ভাষণ দেন প্রধান নকশাবিদ বশীর আহমেদ।
অনুষ্ঠানে বক্তারা কুটির ও হস্তশিল্প খাতের পণ্যের চাহিদা বৃদ্ধির জন্য মেলায় নতুন নতুন ও ক্রেতাদের চাহিদানুযায়ী আকর্ষণীয় ও মানসম্পন্ন পণ্যসামগ্রী উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেন। এক্ষেত্রে বিসিক থেকে উদ্যোক্তা কারুশিল্পীদের সম্ভাব্য সকল প্রকার সেবা-সহায়তারও আশ্বাস দেয়া হয়। এ সময় জানানো হয়, এই খাতের উন্নয়ন ও বিকাশ ঘটিয়ে উৎপাদন ও আয়বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করাই বিসিকের অন্যতম লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে বিসিক কর্তৃক অন্যান্য কাজে পাশাপাশি নকশা কেন্দ্রের মাধ্যমে ব্লক, বাটিক প্রিন্টিং, পুতুল তৈরি, স্ক্রিন প্রিন্টিং, প্যাকেজিং, বাঁশ-বেতের কাজ, পাটজাত হস্তশিল্প, চামড়াজাত পণ্য, ধাতব শিল্প, বুনন শিল্প ও ফ্যাশন ডিজাইন ইত্যাদি ১২টি ট্রেডে এ পর্যন্ত ২৮ হাজার ৩৯ জন উদ্যোক্তাকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। মেলায় বিভিন্ন ধরনের হস্ত ও কুটির শিল্পপণ্যের ৪৭টি স্টল স্থান পেয়েছে।
উল্লেখ্য, মেলা চলবে আগামী ১ সেপ্টেম্বর ২০১৬ পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে