
নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলনের আহ্বায়ক ও নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, 'যুদ্ধাপরাধী ও জঙ্গিদের মধ্যে মৌলিক কোন পার্থক্য নেই। জঙ্গিদের মোকাবেলা করার সময় এসেছে বলে অভিমত ব্যক্ত করে তিনি বলেন, 'এরা মানুষরূপী দানব। নিরীহ মানুষ হত্যা করতে জঙ্গিদের বুক কাঁপে না।' রবিবার মতিঝিলের সোনালী ব্যাংক চত্বরে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণ বিচার আন্দোলন আয়োজিত জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে লাল পতাকা মিছিল-পূর্ব এক সমাবেশে তিনি সভাপতির বক্তব্যে এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সংসদের সহ-সভাপতি ইসমত কাদির গামা, সোনালী ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন- ২০২ এর সভাপতি কামাল উদ্দিন ও অভিনয় শিল্পী রোকেয়া প্রাচী প্রমুখ। সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি লাল পতাকা মিছিল সোনালী ব্যাংক চত্বর থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
এছাড়া 'ধীরে ধীরে সব জঙ্গি ধরা পড়বে' এমনটি আশা ব্যক্ত করে মন্ত্রী বলেন, 'তারা বেশি দিন আত্মগোপন করে থাকতে পারবে না। কারণ তারা জন বিচ্ছিন্ন। জনগণের সাথে তাদের কোন সম্পর্ক নেই। রোজার দিনে এবং ঈদের দিনে মানুষ হত্যা করা হয়েছে। মানুষ হত্যা ইসলামের কোথাও লেখা নেই। তারা মানুষ হত্যা করে ক্ষমতায় যেতে চায়।'