
নিউজ ডেস্কঃ ধর্মমন্ত্রী মতিউর রহমান বলেছেন, ‘সৌদি এয়ারলাইন্স আশানুরূপ হজযাত্রী পরিবহন করলেও বাংলাদেশ বিমানকে অনাকাঙ্ক্ষিতভাবে ১৩টি ফ্লাইট বাতিল করতে হয়েছে। তবে সৌদি সরকার নতুন করে ১৫টি স্লটের অনুমতি দিয়েছে। নতুন এসব স্লট পাওয়ায় হজযাত্রী পরিবহনে আর কোনো জটিলতা থাকবে না।’ সচিবালয়ে বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি জানান, সৌদি দূতাবাস থেকে এ পর্যন্ত ৯২ হাজার ৫৬৮ জন হজযাত্রীর ভিসা হয়েছে এবং বাকী ভিসাও অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। হজযাত্রী পরিবহন নিয়ে সঙ্কটে তার নীরবতার কারণ জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘সঙ্কটে নিশ্চুপ ছিলাম না, আলাপ-আলোচনা করেছি। কোনটা করলে সুবিধা হবে সেদিকে এগিয়েছি।’