
নিউজ ডেস্কঃ হজ ওমরাহ এজেন্সিস ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ এবং হজ এজেন্সিস এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সমন্বয় পরিষদ হজ ও ওমরাহ’র নামে টিকেট সিন্ডিকেট, দুর্নীতি ও মানব পাচারের অভিযোগে হাব-এর বর্তমান নির্বাহী কমিটি বাতিলের দাবি জানিয়েছে আজ।
বাণিজ্যমন্ত্রী ও ধর্মমন্ত্রী এবং স্ব স্ব মন্ত্রণালয়ের সচিবের কাছে পৃথক পৃথক আবেদনে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের জন্য নির্বাচন পরিচালনা করতে একজন প্রশাসক নিয়োগের অনুরোধও করেছে তারা। উভয় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, হাব সাধারণত এজেন্টদের কাছ থেকে বার্ষিক চাঁদা সংগ্রহ করে। কিন্তু বর্তমান কমিটি হাজীদের কাছ থেকেও ২শ’ টাকা করে চাঁদা আদায় করছে। এভাবে তারা ১ কোটি ৭৬ লাখ টাকা অতিরিক্ত আদায় করেছে।
তারা অভিযোগ করে বলেন, তারা ৩৩৫২ গাইড থেকে ১ কোটি ৬ লাখ টাকা, ট্রলি ব্যাগ থেকে বছরে ১০ কোটি টাকা আদায় করেছে। এসব কিছুই সম্পূর্ণ বিধি বহির্ভূত কাজ।
আবেদনে অন্যান্যের মধ্যে স্বাক্ষর করেন হজ ওমরাহ এজেন্সির আহ্বায়ক আলহাজ জামাল উদ্দিন আহমেদ ও সদস্য সচিব এ্যাডভোকেট আবদুল্লাহ আল নাসের, হাব-এর যুগ্ম আহ্বায়ক কে এইচ এম তাজুল ইসলাম, হাব সমন্বয় পরিষদের আহ্বায়ক আলহাজ রুহুল আমিন মিন্টু, সদস্য সচিব আলহাজ জাকারিয়া প্রমুখ।