
নিউজ ডেস্কঃ ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়ার জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন । ডেপুটি স্পিকার আজ সংসদ ভবন প্রাঙ্গনে গণপূর্ত ঠিকাদার কল্যাণ সমিতির উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহবান জানান ।
তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম না হলে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হতনা এবং আমাদের মত আরো অনেক বাঙালি আজ এমন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হতে পারতেন না। তাই আমাদের সকলের কর্তব্য জাতির পিতাকে শ্রদ্ধার সাথে স্মরণ করা, তাঁর আদর্শকে ধারণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সকল অপশক্তির বিরুদ্ধে রুখে দাড়িয়ে সোনারবাংলা বিনির্মাণে একযোগে কাজ করা ।
গণপূর্ত ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি মোঃ আবু দায়েন মীর এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, তেজগাঁ থানা আওয়ামিলীগের সভাপতি অধ্যক্ষ অব্দুর রশিদ, ফরিদুর রহমান ইরান ও মো: সাব্বির হোসেন মাসুদ। ডেপুটি স্পিকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু কে শুধু একটা নামকরণের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না, সকলের মনে রাখতে হবে তাঁর নামের সাথে জড়িয়ে আছে বাঙালির গৌরবময় স্বাধীনতার ইতিহাস ।
সমস্ত কিছু উৎসর্গ করেও তাঁর রক্তের ঋণ শোধ করা যাবেনা। এসময় তিনি ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট কালরাতে ঘাতকের হাতে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা রেখে তার মহান আদর্শে একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করার তিনি আহ্বান জানান ।