News71.com
 Bangladesh
 23 Aug 16, 12:00 PM
 389           
 0
 23 Aug 16, 12:00 PM

চারদফা দাবী আদায়ে নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে

চারদফা দাবী আদায়ে নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে

 

নিউজ ডেস্ক: বেতন-ভাতা বাড়ানোসহ চার দফা দাবিতে সারা দেশে নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে। গতকাল সোমবার রাত ১২টা ১ মিনিট থেকে সারা দেশে এই কর্মসূচি শুরু হয় বলে জানান বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম। তিনি বলেছেন, চার দফা দাবিতে মধ্যরাত থেকে শ্রমিকরা অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করে। তাদের এই আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে ১৭টি নৌযান শ্রমিক সংগঠন। নৌ শ্রমিক সংগ্রাম পরিষদের ব্যানারে এই অনির্দিষ্টকালের ধর্মঘট কর্মসূচি পালন করা হচ্ছে।

তাদের দাবিগুলো হলো, নৌযান শ্রমিকদের মাসিক ন্যূনতম ১০ হাজার টাকা মজুরি নির্ধারণ, কর্মস্থলে দুর্ঘটনায় নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ পুননির্ধারণ, নৌপথে সন্ত্রাসী-ডাকাতি -চাঁদাবাজি বন্ধ ও নদীর নাব্যতা রক্ষায় পদক্ষেপ গ্রহণ। শাহ আলম বলেন, সারা দেশে একযোগে প্রায় ২ লক্ষ শ্রমিক এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছেন। যতক্ষণ পর্যন্ত চার দফা দাবি মেনে নেওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত শ্রমিকদের এই অনির্দিষ্টকালের ধর্মঘট অব্যাহত থাকবে।

তিনি আরও বলেছেন, বেতন বৈষম্যের ফলে নৌযান শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছেন। কিন্তু নৌযান মালিকদের বারবার অবহিত করার পরও তারা শ্রমিকদের বেতন-ভাতা বাড়ানোর বিষয়ে কোনো ব্যবস্থা নেননি। অনির্দিষ্টকালের ধর্মঘটে তেলবাহী জাহাজ ছাড়াও অন্যান্য নৌযানের শ্রমিকরা আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

গত ২৬ এপ্রিল নৌযান শ্রমিকদের আন্দোলনের কারণে নৌমন্ত্রী শাজাহান খান জাতীয় স্কেলের সঙ্গে সঙ্গতি রেখে বেতন বাড়ানোর ঘোষণা দেন। যেখানে ‍সর্বনিম্ন  ৯ হাজার ও সর্বোচ্চ ১৭ হাজার ১০০ টাকা বেতন ঘোষণা করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন