News71.com
 Bangladesh
 22 Aug 16, 11:27 PM
 365           
 0
 22 Aug 16, 11:27 PM

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে বঙ্গোপসাগর উপকূলে শতাধিক জেলে নিয়ে ৬টি মাছধরা নৌকা নিখোঁজ

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে বঙ্গোপসাগর উপকূলে শতাধিক জেলে নিয়ে ৬টি মাছধরা নৌকা নিখোঁজ

নিউজ ডেস্কঃ বঙ্গোপসাগরে সাম্প্রতিক দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে কক্সবাজার উপকূলের ৬টি মাছধরা নৌকা শতাধিক জেলে নিয়ে নিখোঁজ হয়ে পড়েছে। এসব নৌকাগুলোর মধ্যে ৩টি ভারতীয় উপকূলে রয়েছে বলে জানা গেছে। অপর ৩টির মধ্যে একটি সাগরে ডুবে গেছে। ডুবে যাওয়া নৌকাটি গতকাল সোনাদিয়া দ্বীপ সন্নিহিত সাগর বক্ষ থেকে উদ্ধার করা হয়। এখনও কোন খোঁজ মিলছে না ৩০ জন জেলেসহ অপর ২টি মাছধরা নৌকার ।

সাগরে টানা গত ২সপ্তাহ ধরে অব্যাহত ছিল দুর্যোগপূর্ণ আবহাওয়া। আজ সকাল থেকে আবহাওয়া স্বাভাবিক হতে শুরু করেছে। সেই সাথে থেমেছে কক্সবাজার উপকূলে টানা ২ সপ্তাহের বর্ষণও। এমন দুর্যোগপূর্ণ আবহাওয়াকে উপেক্ষা করেও উপকূলের জেলেরা পাড়ি জমায় মাছ ধরার জন্য সাগরে। সাগরে মাছ ধরতে গিয়েই ঝড়ের কবলে পড়ে কোন কোন নৌকা ভেসে গেছে ভারতের উপকূলে আবার অনেক নৌকার খোঁজও মিলছে না। এভাবে একটির নিশ্চিত ডুবে যাওয়ার ঘটনাও ঘটেছে ।

এ বিষয়ে কক্সবাজার মাছধরা নৌকা মালিক সমিতির যুগ্ম সম্পাদক দেলোয়ার হোছাইন জানান, কক্সবাজারের বাঁকখালী নদীর ৬ নম্বর ঘাট এলাকার বাসিন্দা কাইয়ুম সওদাগরের এফ বি ফরহাদ নামের একটি নৌকা, ঝিলংজা এস,এম পাড়ার বাসিন্দা সিরাজ মিয়ার এফবি আল্লাহর দান সাগরে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ হয়ে পড়ে। পরে খোঁজাখুঁজি করতে গিয়ে জানা গেছে, নৌকা ২টির মেশিন বিকল হয়ে ভাসতে ভাসতে ভারত উপকূলে গিয়ে পৌঁছেছে। এই নৌকা ২টিতে ৪০ জন জেলে রয়েছে। অপরদিকে কুতুবদিয়া দ্বীপের বড়ঘোপের বাসিন্দা ছাবের আহমদ কম্পানির মালিকানাধীন এফবি নাহিদ নামের একটি নৌকাও ১৬ জন জেলে নিয়ে ভারত উপকূলে আশ্রয় নিয়েছে ।

এদিকে আজ মহশেখালী দ্বীপের কুতুজোমের বাসিন্দা নুরুল কবির মহেশখালী থানায় একটি জিডি এন্ট্রি করেছেন তার মালিকানাধীন এফবি আশরাফ-৪ নৌকাটি নিখোঁজের বিষয়ে। এই নৌকাটি ১৬ জন মাঝি-মাল্লা নিয়ে গত ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে। নিখোঁজ জেলেরা সবাই মহেশখালী দ্বীপের বাসিন্দা। এসব নিখোঁজ জেলেদের ঘরে ঘরে বিরাজ করছে উদ্বেগ-উৎকন্ঠা ।

অপরদিকে কক্সবাজার সদরের খুরুশকুল ইউনিয়নের কাউয়ারপাড়ার বাসিন্দা আবু তাহেরের মালিকানাধীন ডুবে যাওয়া একটি নৌকা গতকাল উদ্ধার করা হয়। সেই নৌকার ১৪ মাঝি-মাল্লার মধ্যে ৭জন জীবিত ফিরলেও প্রাণহানি ঘটে ৭জনের। তন্মধ্যে গতকাল সন্ধ্যায় ৬জনের লাশও উদ্ধার করা হয়। ১জনের খোঁজ এখনো মিলেনি। ঝিলংজা এস,এম পাড়ার অপর ১জন আবু তাহের কম্পানির একটি নৌকাও নিখোঁজ রয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন