
নিউজ ডেস্কঃ ফেনী শহরের মহিপালে কুড়িয়ে পাওয়া ৪০ হাজার ৫০০ টাকা পুলিশের কাছে হস্তান্তর করে সততার উজ্জ্বল দৃষ্টান্ত রাখলেন রিকশাচালক মোঃ মানিক । জানাযায়, দিনাজপুরের কালিতলা এলাকার বাসিন্দা আশরাফ আলীর ছেলে মানিক অভাবের তাড়নায় পড়ে দীর্ঘদিন ধরে রিকশা চালিয়ে পরিবারের ভরন-পোষণ চালিয়ে আসছেন। গতকাল বিকালে মহিপাল আনসার ক্যাম্প সংলগ্ন স্থানে কাপড় মোড়ানো একটি প্যাকেট পড়ে থাকতে দেখে কুড়িয়ে নেন তিনি। পরে ওই প্যাকেট খুলে ৪০ হাজার ৫০০ টাকা দেখতে পান তিনি ।
টাকার মালিকের সন্ধান না পেয়ে রাত ৮টার দিকে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহবুব মোরশেদের কাছে টাকাগুলো হস্তান্তর করেন মানিক ।এ ব্যাপারে জানতে চাইলে ফেনী মডেল থানার ওসি জানান, এটা সততার এক উজ্জ্বল দৃষ্টান্ত। এজন্য তিনি মানিকের ভূয়ষী প্রশংসা করেন ।