
নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার তিনটি গ্রামে অ্যানথ্রাক্সে আক্রান্ত আরও ১১ জন রোগী শনাক্ত করা হয়েছে। গত রোববার ও শনিবার ওই তিন গ্রামে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি দল এসব রোগীকে শনাক্ত করে। এ নিয়ে উপজেলায় ২৪ জন অ্যানথ্রাক্স রোগী শনাক্ত হলো। আক্রান্ত রোগীরা হলেন চর পূর্ব-কৈজুরী গ্রামের মোজাফ্ফর আলী (৩০), আল-আমিন (১৩), শাহীন হোসেন (১০), আলমগীর হোসেন (৩২), তারা মিয়া (৩০), লালচাঁদ মিয়া (২০), মায়া খাতুন (৪০), ডলি খাতুন (৪৩), স্বপন মিয়া (১০), গোপালপুর গ্রামের ফরিদা খাতুন (৩০) ও উল্টাডাব গ্রামের হাসি খাতুন (২৭)।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার থেকে আজ পর্যন্ত ওই তিন গ্রামের বিভিন্ন বাড়িতে পর্যবেক্ষণ চালানো হয়। এ সময় বিভিন্ন রোগীর ক্ষত পরীক্ষা করে অ্যানথ্রাক্স রোগ শনাক্ত করা হয়।
শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জাফরুল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার থেকে প্রথম দফায় ১৩ জন ও আজ দ্বিতীয় দফায় আরও ১১ জনসহ মোট ২৪ জন অ্যানথ্রাক্স রোগী শনাক্ত করা হয়েছে। তাদের বিনা মূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে। সবাই ভালো হয়ে উঠছেন।
উল্লেখ্য, গত ৮ আগস্ট চর পূর্ব-কৈজুরী গ্রামের নজরুল ইসলাম নামক একজন ব্যক্তি একটি অসুস্থ গাভি জবাই করে মাংস বিক্রি করেন। যারা ওই মাংস কাটা ও রান্নার কাজ করেছেন, তারা অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হন।