
নিউজ ডেস্কঃ আগামী ১০ থেকে ১৩ অক্টোবরের মধ্যে চট্টগ্রামের কর্ণফুলী টানেল নির্মাণে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যৌথভাবে এই টানেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গতকাল রোববার (২১ আগস্ট) বিকেলে চট্টগ্রামে এক আলোচনা সভায় এ তথ্য জানিয়েছেন। ২১ আগস্ট গ্রেনেড হামলা নিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ বিকেলে নগরের মুসলিম হলে এ আলোচনা সভার আয়োজন করে।
ওবায়দুল কাদের বলেন, ‘আগামী ১০ অক্টোবর চীনের প্রেসিডেন্ট তিন দিনের সফরে বাংলাদেশ আসবেন। আগামী অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে বা ১০ থেকে ১৩ অক্টোবরের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রেসিডেন্ট যৌথভাবে টানেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।’
উল্লেখ্য, গত বছরের ৩০ জুন চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ টানেল নির্মাণে চীনের কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানির (সিসিসিসি) সঙ্গে ৭০৫ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকার চুক্তি হয়। চীনের রাজধানী বেইজিংয়ে এই চুক্তি হয়। চীনের অর্থায়নে নির্মাণকাজ শেষ করতে সময় লাগবে চার বছর। টানেলের দৈর্ঘ্য হবে ৩ দশমিক ৪ কিলোমিটার। টানেলের দুটি টিউব হবে। প্রতিটি টিউব দুই লেনের। একটি টিউব গাড়ি যাওয়ার জন্য এবং অন্যটি আসার জন্য ব্যবহৃত হবে।
ওবায়দুল কাদের বলেন, চট্টগ্রাম ঘিরে শেখ হাসিনার মাস্টারপ্ল্যান রয়েছে। পার্বত্য চট্টগ্রামসহ ৮১৫ কিলোমিটার সীমান্তজুড়ে সাড়ে পাঁচ হাজার কোটি টাকা ব্যয়ে সীমান্ত সড়কের কাজ আগামী বছর শুরু হবে। আগামী বছরের শেষ নাগাদ ২২৫ কিলোমিটার ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ শুরু হবে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মুসলেম উদ্দিন চৌধুরী। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মফিজুর রহমান। এতে বক্তব্য সাংসদ শামসুল হক চৌধুরী, মোস্তাফিজুর রহমান, ওয়াসিকা আয়েশা খান সহ প্রমুখ।