
নিউজ ডেস্কঃ হজ ফ্লাইট বাতিলের ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। অপরদিকে ফ্লাইট বাতিল হওয়ার কারণে বিমানের যাত্রী পরিবহনে ৫ হাজার আসনের ক্যাপাসিটি খোয়া যাওয়ায় গতকাল বুধবার (১৭ আগস্ট) থেকেই ৭২ ঘণ্টার মধ্যে আসন নিশ্চিত করার নির্দেশনা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বিমানের এ নির্দেশনার পর যাত্রী স্বল্পতার কারণে এ পর্যন্ত ১০টি হজ ফ্লাইট বাতিল হওয়ার জন্য পাল্টাপাল্টি অভিযোগ উত্থাপন করা হয়। গতকাল বুধবার (১৭ আগস্ট) হাবের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে ধর্ম মন্ত্রণালয়ের বিরুদ্ধে অভিযোগ তুলে বলা হয়, হজ পরিচালকের অনিয়মের কারণে ১০টি হজ ফ্লাইট বাতিল হয়েছে। অপরদিকে ধর্ম মন্ত্রণালয় ও হজ পরিচালকের (আশকোনা) পক্ষ থেকে বলা হয়, বেনামে নিবন্ধন করার কারণে হজযাত্রী সংকটে ফ্লাইট বাতিল হয়েছে।
হাবের মহাসচিব শেখ মো. আব্দুল্লাহ বলেন, হজ পরিচালকের অনিয়মের কারণে ফ্লাইট বাতিলসহ নানা দূরাবস্থা ঘটছে। কেউ অসুস্থতার কারণে যেতে না পারলে অথবা কেউ মারা গেলে তার বিপরীতে হজযাত্রীর রিপ্লেসমেন্ট করা হলেও হজ পরিচালক তা মানছেন না। মৃত্যু সনদ অথবা চিকিৎসা সনদ চাইছেন।
কিন্তু দূর-দূরান্তের হজযাত্রীর পক্ষে হঠাৎ করে তা সম্ভব নয়। এতে মন্ত্রণালয় ও সচিব সহযোগিতা করছেন।
এদিকে হজ পরিচালক (আশকোনা) ড. আবু সালেহ মোস্তফা কামাল বলেন, আগেই রিপ্লেসমেন্ট সম্পন্ন করা হয়েছে। এখন নতুন করে রিপ্লেসমেন্ট করা সম্ভব নয়। যদি কউ মারা যান বা গুরুতর অসুস্থ হয়ে না যেতে পারেন সে ক্ষেত্রে চিকিৎসকের সনদ লাগবে। তিনি আরো বলেন, ‘অসুস্থতার খবর নিয়ে দেখেছি। বলা হয়েছে, হৃদরোগ ও অ্যাবডুমিনাল পেইন। অথচ ফোন করে দেখেছি, সেটি চালের আড়ত’।
হাবের সংবাদ সম্মেলনের পর দুপুরে ধর্ম মন্ত্রণালয় ও বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মধ্যে বৈঠক হয়। বৈঠকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আব্দুল জলিল বলেন, মাহারাম ও রিপ্লেসমেন্টই সব সমস্যা নয়। হাবের প্রতি ইঙ্গিত করে সচিব বলেন, আরো সমস্যা রয়েছে।
আন্ত:মন্ত্রণালয় বৈঠকে বাড়ি সংকটের কারণে হজযাত্রী সংকটে ফ্লাইট বাতিল হয়েছে। আগে থেকে বাড়িভাড়া না করায় অনেকে টিকিটও কাটছেন না। সে কারণেও যাত্রী সংকট। বৈঠকে ধর্ম সচিব বলেন, ‘যতো সমস্যাই থাকুক আমরা তার সমাধান করবো। ফ্লাইট ১০টি নয়, আটটি বাতিল হয়েছে। দু’টি ফ্লাইটে হজযাত্রীর ব্যবস্থা নিশ্চিত করা হবে’।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব এস এম গোলাম ফারুকের পক্ষ থেকে বলা হয়, ফ্লাইট বাতিল হওয়ার বিষয়টি সমাধানে এখন থেকে ৩১৯ আসনের ফ্লাইটের পরিবর্তে ৪১৯ আসনের ফ্লাইট দেওয়া হবে। প্রতি ফ্লাইটে একশ’ জন করে বেশি হজযাত্রী যেতে পারবেন।
অন্যদিকে হাবের পক্ষ থেকে এবার প্রায় ২০ হাজার হজযাত্রী হজে যেতে পারবেন না বলে আশঙ্কা প্রকাশ করে বলা হয়, ৮৩ হাজার আবেদনের মধ্যে ৬৩ হাজার ভিসা পাওয়া গেছে। হয়তো আরো দু’দিনের মধ্যে ৩ হাজার পাওয়া যাবে। তাতে আরো বাকি থাকবে ২০ হাজার। তবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আব্দুল জলিল বলেন, জটিলতা নিরসন করে সব হজযাত্রীকেই হজে পাঠানো হবে।
এ বছর এক লক্ষ এক হাজার ৭৫৮ জন বাংলাদেশি হজে যাওয়ার সুযোগ পাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় হজে যাচ্ছেন ১০ হাজার বাংলাদেশি। বাকি ৯১ হাজার ৭৫৮ জন যাচ্ছেন বেসরকারি ব্যবস্থাপনায়। হজযাত্রী পরিবহন করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স।
উল্লেখ্য, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হজ ফ্লাইট গত ৪ আগস্ট থেকে শুরু হয়েছে। চলবে আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত। বিমানের ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১৭ সেপ্টেম্বর এবং শেষ হবে ১৬ অক্টোবর।