News71.com
 Bangladesh
 18 Aug 16, 01:28 PM
 436           
 0
 18 Aug 16, 01:28 PM

ধামরাইয়ে চাকরির নামে ধুরন্ধর প্রতারনা

ধামরাইয়ে চাকরির নামে ধুরন্ধর প্রতারনা

 

নিউজ ডেস্ক: চটকদার বিজ্ঞাপন দেখে চাকরির আবেদনের পর শুধু ইন্টারভিউর মাধ্যমেই মিলে যায় চাকরি। জামানত হিসেবে টাকা দেওয়ার পর পেরিয়ে যায় আরও দুই মাস; কিন্তু চাকরি শুধু কাগজে-কলমেই। নিয়োগ চেয়ে প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিদের কাছে গেলে হতে হয় বন্দি। কক্ষে আটকে রেখে চলে নির্যাতন। এমনই বন্দি অবস্থা থেকে ২৬ তরুণ-তরুণীকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় গ্রেফতার হয়েছে প্রতারক চক্রের ১০ সদস্য।

গতকাল বুধবার ঢাকার ধামরাইয়ের ঢুলিভিটা বাসস্ট্যান্ড এলাকার মোল্লা মার্কেটের দ্বিতীয় তলায় 'আওয়ার ড্রিম বিডি লিমিটেড' নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে পুলিশ চাকরিপ্রার্থীদের উদ্ধার ও প্রতারকদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন_ ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ধামরাই পৌরসভার ছোট চণ্ডাইল গ্রামের সাধু মুন্সীর ছেলে আব্দুল মালেক, সিরাজগঞ্জের কাজীপুরের চরমাজদাইল গ্রামের মোকছেদ আলীর ছেলে এমডি বাবুল হোসেন, ঝিনাইদহের শৈলকূপা থানার বকশিপুর গ্রামের অরূপ কুমারের ছেলে জিএম স্বপন কুমার, সিরাজগঞ্জের সলঙ্গার নলকা গ্রামের হাবিবুর রহমানের ছেলে অফিস সহকারী ফরিদুর রহমান, কুড়িগ্রামের উলিপুরের খামারবাড়ি গ্রামের নুরুল ইসলামের ছেলে জাকির হোসেন, একই জেলার বরুনডাবাড়ির বাঁশখালি গ্রামের জমির উদ্দিনের ছেলে ফরমান আলী, একই থানার ঈশ্বরবাড়ি গ্রামের আবেদ আলীর ছেলে আবু বক্কর সিদ্দিক ও চরবজরা গ্রামের শাজাহান মণ্ডলের ছেলে আব্দুল খালেক, পিরোজপুরের ভাণ্ডারিয়া থানার নদমুলা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে শামীম আল মাসুদ এবং ময়মনসিংহের মুক্তাগাছার মৌলাজানি গ্রামের হানিফ উদ্দিনের ছেলে মো. আকাশ।

উদ্ধার হওয়া তরুণ-তরুণী ও পুলিশ জানায়, গ্রেফতার প্রতারক চক্রের সদস্যরা তিন মাস আগে মোল্লা মার্কেটের দ্বিতীয়তলার ৭-৮টি কক্ষ ভাড়া নিয়ে 'আওয়ার ড্রিম বিডি লিমিটেড' নামের একটি প্রতিষ্ঠানের অফিস খোলেন।

এরপর ওই ঠিকানা ব্যবহার করে ভালো বেতনে মার্কেটিং অফিসারসহ বিভিন্ন পদে লোক নিয়োগ দেওয়া হবে জানিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়। আকর্ষণীয় বিজ্ঞাপন দেখে বিভিন্ন জেলার দরিদ্র, শিক্ষিত তরুণ-তরুণী ওই অফিসে যোগাযোগ করেন। ইন্টারভিউ নেওয়ার পরই আবেদনকারীদের জানানো হয় তাদের চাকরি হয়ে গেছে। এরপর জামানতের কথা বলে প্রত্যেকের কাছ থেকে ৩০ থেকে ৬০ হাজার টাকা করে নেওয়া হয়। পরে তাদের কর্মকর্তাদের সঙ্গে কীভাবে কথা বলতে হবে তার প্রশিক্ষণ দেওয়া হয়।

দুই মাস পরও কাউকে নিয়োগ না দেওয়ায় জামানত প্রদানকারীদের মাঝে হতাশা সৃষ্টি হয়। তারা অফিসে এসে কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন। একসঙ্গে তরুণ-তরুণীরা নিয়োগের বিষয়টি জানতে গতকাল ওই প্রতিষ্ঠানে গেলে তাদের কক্ষে তালা দিয়ে বন্দি করে রাখা হয়। একই সঙ্গে চলে নির্যাতন। সেখান থেকে নাঈমুর রহমান, হারুন, রজ্জব আলী নামে তিন তরুণ কৌশলে পালিয়ে ধামরাই থানা পুলিশকে বিষয়টি জানায়। এরপর ধামরাই থানা পুলিশের একটি দল দুপুরে ওই মার্কেটে অভিযান চালিয়ে ১০ প্রতারককে গ্রেফতার এবং বন্দিদের উদ্ধার করে।

ভুক্তভোগীরা আরও জানান, প্রতারক চক্রটি ২০১৩ সালে গাজীপুরের বোর্ডবাজার এলাকায় ফিউচার ট্রাস্ট নামের প্রতিষ্ঠান খুলে একই কায়দায় প্রতারণা করে। সেখান থেকে অর্ধশতাধিক তরুণ-তরুণীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যায়। তারা গ্রেফতার ১০ জনের দৃষ্টান্তমূলক শাস্তি ও তাদের টাকা ফিরে পাওয়ার দাবি জানান।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে জানিয়ে ধামরাই থানার ওসি মোহাম্মদ রিজাউল হক বলেন, চক্রের অন্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন