
নিউজ ডেস্কঃ প্রায় ৩যুগ পর বেদখল হওয়া ২ কোটি টাকার ভূমি উদ্ধার করেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক) কর্তৃপক্ষ। আজ দুপুরে নগরীর দাড়িয়াপাড়া এলাকায় এ ভূমি উদ্ধার করা হয় । সিসিক’র প্রকৌশল শাখা জানায়, দাঁড়িয়াপাড়া পয়েন্টের রাস্তাঘেষে মেঘনা বি/৩৭ নম্বর বাসার ৮ শতক জায়গায় একসময় সিলেট পৌরসভার মালিকানাধীন একটি পুকুর ছিল। প্রায় ৩যুগ আগে ওই পুকুরটি ভরাট করে জমির শ্রেণি পরিবর্তন করে দখল করে নেন স্থানীয় হায়দর বখত চৌধুরীসহ কয়েকজন। জায়গাটি উদ্ধারের লক্ষ্যে ২০০৭ সালে সিলেট সিটি কর্পোরেশনের তৎকালীন ভারপ্রাপ্ত মেয়র আযম খান বাদী হয়ে সহকারী জজ আদালতে সত্ব মামলা দায়ের করেন ।
মামলায় বিবাদী করা হয় হায়দর বখত চৌধুরীসহ ৯ জনকে। আদালত চলতি বছেরের ২২শে মে সিটি কর্পোরেশনের অনুকূলে রায় ঘোষণা করেন এবং ২৯শে মে ডিক্রি জারি করেন। এর প্রেক্ষিতে আজ অভিযান চালিয়ে সিটি করপোরেশন জায়গাটি উদ্ধার করে ।
এ ব্যাপারে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বলেন, ‘এই জমিটির প্রকৃত মালিক সিলেট সিটি কর্পোরেশন, যা মাননীয় আদালতের রায়ে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। আইনের প্রক্রিয়া অনুসরণ করে আমরা জমির দখল পেয়েছি। ভবিষ্যতে এই জমিটি মহানগরীর উন্নয়নের সাথে সঙ্গতি রেখে ব্যবহার করা হবে ।