
নিউজ ডেস্ক: মোবাইলে ভিডিও করায় সিরাজগঞ্জ পৌর এলাকার শিশু কল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক থাপ্পড় মারলেন একই বিল্ডিংয়ে অবস্থিত রেলওয়ে কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে। আজ(১৭আগস্ট) বুধবার সকালে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও স্কুলের ক্ষুদে শিক্ষার্থীদের সামনে এই ঘটনা ঘটে। এই বিষয় নিয়ে এলাকার ছাত্র-ছাত্রী-অভিভাবক এবং এলাকাবাসীর মধ্যে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। নির্যাতিত ওই শিক্ষিকা তাৎক্ষণিকভাবে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে মৌখিক অভিযোগ দিয়েছেন।
এই ঘটনায় জানা গেছে, একই বিল্ডিংয়ে শিশু কল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও এসবি রেলওয়ে কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয় অবস্থিত। এই বিষয়টা নিয়ে দুই প্রধান শিক্ষক-শিক্ষিকার মধ্যে দ্বন্দ্ব চলছিল। আজ বুধবার সকালে ওই স্কুলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শোকসভার আয়োজন করা হলে রেলওয়ে কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম শিশু কল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কক্ষ দুটি তালা দিয়ে রাখেন। এই বিষয়টি দুজনের মধ্যে সুরাহা না হওয়ায় প্রধান শিক্ষিকা বিলকিস আকতার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুস সালেককে বলেন। তিনি তাৎক্ষণিকভাবে ওই ঘটনাস্থলে ছুটে আসেন। তখন কথাবার্তার এক পর্যায়ে বিষয়টি সংরক্ষণের জন্য মোবাইলে ভিডিও করার চেষ্টা করলে প্রধান শিক্ষক আব্দুস সালাম রাগান্বিত হয়ে শিক্ষা অফিসারের সামনেই শিক্ষিকার গালে থাপ্পড় মারেন।
প্রধান শিক্ষিকা বিলকিস আকতার বলেছেন, স্কুল কক্ষ বন্ধ থাকায় পরিদর্শন খাতায় প্রাথমিক শিক্ষা অফিসার স্বাক্ষর করতে পারবে না বলে ডকুমেন্ট সংরক্ষণের জন্য মোবাইলে বিষয়টি ভিডিও করে রাখার জন্য মোবাইল ভিডিও করছিলাম। এতে করে এস বি রেলওয়ে কলোনি প্রাথমিক শিক্ষক আব্দুস সালাম আমাকে থাপ্পড় মারেন। এই বিষয়টি জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বলা হয়েছে। আব্দুস সালাম একজন শিক্ষক নেতা। তাই এর বিচার পাবো কিনা এই নিয়ে আমার সন্দেহ রয়েছে।
কিন্তু প্রধান শিক্ষক আব্দুস সালাম বলেছেন, মোবাইলে ভিডিও করার সময় শুধু হাত দিয়ে তার মোবাইল সরিয়ে দিয়েছি। তাকে থাপ্পড় মারা হয়নি।
আরও জানা গেছে, এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার আব্দুস সালেকের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে পরে কথা বলব বলে মোবাইল ফোন কেটে দেন।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম বলেছেন, বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেলা প্রশাসক বিল্লাল হোসেন বলেছেন, অভিযোগ দেবার জন্য ওই শিক্ষিকা এসেছিলেন। কিন্তু পরবর্তীতে অভিযোগ না দিয়েই চলে গেছেন।