News71.com
 Bangladesh
 16 Aug 16, 09:50 PM
 729           
 0
 16 Aug 16, 09:50 PM

প্রধানমন্ত্রীর নিকট জবি শিক্ষার্থীর খোলা চিঠি

প্রধানমন্ত্রীর নিকট জবি শিক্ষার্থীর খোলা চিঠি

রবিউল সুমন:

গণতন্ত্রের মানসকন্যা,

বাংলার ইতিহাসে এমন কোন ছাত্র স্বার্থ সংশ্লিষ্ট আন্দোলন নেই, যেখানে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি ইতিহাসের রাখাল রাজা, বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্পৃক্ততা ছিলনা। হায় আমাদের পোড়া কপাল তিনি নেই।

আজ যদি বঙ্গবন্ধু বেঁচে থাকতো তাহলে হয়তো আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২৫ হাজার শিক্ষার্থীর প্রাণের দাবি হল আন্দোলনে এসে একাত্বতা ঘোষণা করতেন। তিনি নিজে এসে আমাদের অধিকার প্রতিষ্ঠা করতেন। আজ বঙ্গবন্ধু নেই বলেই কি আমাদের এই দুর্দশা? তিনি থাকলে উপলব্ধি করতে পারতেন হল ছাড়া একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জীবন কতটা বিভীষিকাময় হতে পারে?

তবে আমরা এখনো আশাহত নই। আজ হয়তো বঙ্গবন্ধু নেই কিন্তু তারই সুযোগ্য উত্তরসূরি গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো আছেন। আপনিই তো আমাদের অভিভাবক। হ্যাঁ প্রধানমন্ত্রী আপনি। আমরা তো আপনারই সন্তান। আপনি চাইলে, আপনার সন্তানরা একটু মাথা গোজার ঠাই পাবে। আমরা বিশ্বাস করি সন্তানদের রাস্তায় রেখে মা কখনো একাঘরে ঘুমাতো পারেনা। সন্তানদের কষ্ট তো "মা" ই বুঝেন। মা ছাড়া আর কে বুঝবেন বলেন? আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন সমস্যা সমাধান একমাত্র আপনিই করতে পারেন। হ্যাঁ জননী আপনিই তা পারবেন।

আপনি শুনে বিস্মিত হবেন যে, বর্তমানে দেশে ৩৭ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় একমাত্র বিশ্ববিদ্যালয় যার কোন আবাসিক হল নেই। দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় এমন কি ঢাকা কলেজ, তেজগাঁও কলেজ, কবি নজরুল কলেজেও আবাসিক হল আছে তাহলে জগন্নাথে কেন থাকবে না?

এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কি জাতি গঠনে কোন অবদান রাখছে না? এদেশের শিক্ষা ও অর্থনীতিতে তাদের কি কোন ভূমিকা নেই? তাদের কি সরকারের কাছে কিঞ্চিত সুবিধা পাওয়ার অধিকার নেই?

তৎকালীন কলেজ আমলে ১৩ টি হল থাকলেও তা বর্তমানে সেগুলো স্থানীয় প্রভাবশালীদের দখলে। মাথা গোজার মত একটি ছাত্রী হল ও নেই। ফলে প্রায় আবাসিক হলের জন্য উত্তাল হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাস। যেমন টি হয়েছিল ২০১৪ সালে হল আন্দোলন। অনেক রক্ত ঝরেছিল রাজপথে কিন্তু হল উদ্বার সম্ভব হয়নি নতুন হলও নির্মান করা হয়নি। প্রশাসন বরাবরই মিথ্যা আশ্বাস দিয়ে আসছে। রাজধানীতে জমি সংকটের জন্য হল নির্মাণ করা যাচ্ছে না।

মাতৃতুল্য প্রধানমন্ত্রী, বিশ্ববিদ্যালয় প্রশাসনের মিথ্যা আশ্বাস আর কেউ শুনতে রাজি নয়। আমাদের হল সংকট সমাধানে আপনার হস্তক্ষেপ চাই। সদ্য ঢাকা কেন্দ্রীয় কারগার কেরানীগঞ্জে স্থানান্তরিত করায় জায়গাটি মুক্ত হয়। এটাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়েরর জন্য হল নির্মাণেরর উত্তম জায়গা।

জননী আজ প্রায় ১৭ দিন যাবৎ হলের দাবিতে আন্দোলন চলছে। আন্দোলনরত শিক্ষার্থীদের একটাই দাবি সাবেক কেন্দ্রীয় কারাগারের জমিতে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার নামে চারটি হল ,একটি জাদুঘর ও একটি গবেষণা কেন্দ্র স্থাপন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ( জবির) নিকট হস্তান্তর করা হোক।

১৯৭৫ সালে ৩ নবেম্বর জেলহত্যায় জাতীয় চার নেতার মধ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন কেও হত্যা করা হয়। সে হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ই এই জমি যোগ্য দাবিদার।

প্রধানমন্ত্রী ,আমরা আশাকরি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২৫ হাজার শিক্ষার্থীর প্রাণের দাবি আপনি নিজে এসে প্রতিষ্ঠা করে যাবেন। সন্তানের দাবি থেকে বলছি আমাদের কষ্ট বিশ্ববিদ্যালয় প্রশাসন, প্রভাবশালী হাজী সাহেবরা বুঝবেন না। বুঝলে অন্তত আপনিই বুঝবেন। কেননা, আপনি যে এদেশের স্থপতি জাতির পিতা শেখ মুজিবুর রহমানের যোগ্য উত্তরসূরী।

রবিউল ইসলাম সুমন
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন