
নিউজ ডেস্কঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকীতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার সমাধি প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামিলীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ।
আজ সকাল সোয়া ১০টার পর এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সমাধি এলাকায় বঙ্গবন্ধুর বাড়িতে অবস্থান নিয়ে এ মাহফিলে অংশ নেন প্রধানমন্ত্রী। আর আওয়ামিলীগের শীর্ষ নেতা ও মন্ত্রিপরিষদের সদস্যরা অংশ নেন সমাধি প্রাঙ্গণ থেকে ।
মাহফিলে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন বঙ্গবন্ধুর আরেক কন্যা শেখ রেহানা, প্রধানমন্ত্রী কন্যা সায়মা ওয়াজেদ হোসেন পুতুলসহ বঙ্গবন্ধুর আত্মীয়, স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। এছাড়াও ছিলেন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামসহ আওয়ামিলীগের শীর্ষ নেতা ও মন্ত্রিপরিষদের সদস্যরা। মিলাদ ও দোয়া মাহফিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পঁচাত্তরের ১৫ই আগস্ট শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয় ।
দোয়া মাহফিল শেষে দুপুর পৌনে ১২টার দিকে প্রধানমন্ত্রী ও তার সঙ্গীরা ঢাকার উদ্দেশে রওয়ানা হন।এর আগে, সকাল ১০টা ১০ মিনিটের দিকে বঙ্গবন্ধুর সমাধিকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। বিউগলে বাজানো হয় করুণ সুর। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। তারপর সমাধি প্রাঙ্গণে বঙ্গবন্ধুসহ ১৫ই আগস্টের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী ।
এদিকে, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে অপেক্ষা করছিলেন বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ। শেখ হাসিনা ঢাকার উদ্দেশে রওয়ানা হতেই বঙ্গবন্ধুর সমাধি প্রাঙ্গণ সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। ঢাকায় ফিরে বাদ আছর ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে মহিলা আওয়ামিলীগ আয়োজিত মিলাদ মাহফিলে যোগ দেবেন শেখ হাসিনা ।