
নিউজ ডেস্কঃ শেষ পর্যন্ত প্রবেশপত্র ছাড়াই জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিশেষ অনুমতি স্বাপেক্ষে পরীক্ষা দিতে হয়েছে সুনামগঞ্জের ধরমপাশা ডিগ্রি কলেজের ১২ জন পরীক্ষার্থীকে। কারণ পরীক্ষার পূর্বে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যেসব পরীক্ষার্থীর প্রবেশপত্র পাঠানো হয় তাদের মধ্যে এই ১২ জন পরীক্ষার্থীর প্রবেশপত্র ছিল না।
এ জন্যই পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিতে হয় এই বিশেষ অনুমতি। আজ সুনামগঞ্জের ধরমপাশার বাদশাগঞ্জ ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে। উল্লেখ্য, এদিন ডিগ্রি পাস কোর্স প্রথম বর্ষের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস বিষয়ের পরীক্ষা ছিল।
ধরমপাশা ডিগ্রি কলেজ সূত্রে জানা গেছে, চলতি বছর উপজেলার ধরমপাশা ডিগ্রি কলেজ থেকে ডিগ্রি পাস কোর্স প্রথম বর্ষের পরীক্ষার জন্য ২৫৩ জন শিক্ষার্থী ফরম পূরণ করেন। গত মঙ্গলবার রাতে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কলেজের ই-মেইলে এসব পরীক্ষার্থীর প্রবেশপত্র পাঠানো হয়। এর মধ্যে ১২ জন পরীক্ষার্থীর প্রবেশপত্র না আসায় এ নিয়ে বিপাকে পড়ে ওই পরীক্ষার্থীরা ও কলেজ কর্তৃপক্ষ। এ নিয়ে কর্তৃপক্ষের কাছে আবেদন করেন ধরমপাশা ডিগ্রি কলেজের অধ্যক্ষ।
ওই আবেদনের পরিপ্রেক্ষিতে অনুমতি-সংক্রান্ত একটি চিঠি আজ দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষের কাছে ই-মেইল করে পাঠায় জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান স্বাক্ষরিত পাঠানো চিঠিতে বলা হয়, ওই ১২ জন পরীক্ষার্থী ফরম পূরণ করলেও কলেজ কর্তৃপক্ষ ডেটা এন্ট্রি না করায় তাঁদের প্রবেশপত্র ইস্যু করা সম্ভব হয়নি। পরে কলেজের অধ্যক্ষ আবেদন করায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশেষ বিবেচনায় এসব পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেন। একই সঙ্গে তাঁদের নির্ধারিত ফি ও জরিমানা দিয়ে ১৪ই আগস্ট প্রবেশপত্র সংগ্রহ করতে বলা হয়।
এ প্রসঙ্গে ধরমপাশা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আবদুল করিম জানান, ‘আমাদের কলেজ থেকে ২৫৩ জন শিক্ষার্থীর ফরম পূরণ করা হয়েছিল। কিন্তু কলেজে ফরম পূরণের দায়িত্বে থাকা কমিটির লোকজনের অসতর্কতার কারণে এমনটি হয়েছে। তাই সব পরীক্ষার্থীর প্রবেশপত্র যথাসময়ে আসেনি। পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামরুল ইসলাম চৌধুরী জানান, ‘জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি পাওয়ায় ওই পরীক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের ব্যবস্থা করা হয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মোহাম্মদ নাজমুল হক জানান, ‘এ-সংক্রান্ত একটি চিঠির অনুলিপি আমি পেয়েছি।