
নিউজ ডেস্ক: ফেনীর সোনাগাজীর আমিরাবাদ ইউনিয়নের আহম্মদপুর গ্রামে সন্ত্রাসী হামলায় নারীসহ ৫জন আহত হয়েছে। তখন এই সময় সন্ত্রাসীরা কয়েকটি বসতঘর ভাঙচুর করে। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গতকাল শুক্রবার সন্ধ্যায় এই হামলার ঘটনা ঘটে।
পুলিশ এবং এলাকাবাসী থেকে জানা গেছে, দীর্ঘদিন ধরে আহম্মদপুর গ্রামের আশ্রাফ আলী মাঝি বাড়ির ৩টি পরিবারের মধ্যে বাড়ির জমিজমা নিয়ে বিরোধ চলছে। বিরোধপূর্ণ জমি নিয়ে সামাজিকভাবে একাধিকবার ছট্টু মিয়া, কামাল উদ্দিন এবং করিম উল্লাহ-ওয়াজি উল্লাহর পরিবারের মধ্যে সালিসি বৈঠক হয়। কিন্তু সালিসের রায় ছট্টু মিয়া ও কামাল উদ্দিন মেনে নিলেও অপর পক্ষ করিম উল্লাহ ও ওয়াজি উল্লাহর পরিবারের সদস্যরা মেনে নেয়নি। আর এরি ফলে বাড়ির জায়গা নিয়ে তাদের মধ্যে বিরোধ আরোও বাড়তে থাকে। পরে একপর্যায়ে উভয় পক্ষই আদালতে মামলা করে। এই মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।
গতকাল শুক্রবার পরিকল্পিতভাবে করিম উল্লাহ ও ওয়াজি উল্লাহর ছেলে আরিফুল ইসলামের সঙ্গে ছট্টু মিয়া ও কামাল উদ্দিনের মধ্যে বিবাদ হয়। একপর্যায়ে স্থানীয় আরিফুল ইসলামের নেতৃত্বে এনায়েতুল ইসলাম স্বপন (৩৫), করিম উল্লাহ (৫৫), ওয়াজি উল্লাহ (৫০), কমলা বেগমসহ (৪৫), অজ্ঞাতনামা বেশ কয়েকজন যুবক ছট্টু মিয়া (৬০) ও কামাল উদ্দিনের (৫০) ওপর হামলা চালায়। তাদের চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে ফরহাদ (২২), বিবি ফাতেমা (৪৫), বিবি সকিনাসহ (৫৫) পাঁচজনকে গুরুতর আহত করে। এ সময় সন্ত্রাসীরা ছট্টুমিয়া ও কামাল উদ্দিনের বসতঘর ও রান্নাঘর ভাঙচুর করে চলে যায়।
এই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আর সেখানে কর্তব্যরত চিকিৎসক আহতদের মধ্যে ছট্টু মিয়া ও কামাল উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক দেখে ফেনী সদর হাসপাতালে পাঠান। পরে কামাল উদ্দিনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আলোচিত ঘটনায় করিম উল্লাহ (৫৫) ও কমলা বেগমকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ব্যাপারে কামাল উদ্দিনের স্ত্রী ফাতেমা আক্তার বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। সোনাগাজী মডেল থানার ওসি মো. হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।