
নিউজ ডেস্ক: টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর ব্যবস্থা নিতে টাঙ্গাইল জেলা প্রশাসককে চিঠি দিয়েছেন জেলা পুলিশ সুপার। ওই চিঠি পাওয়ার পর জেলা প্রশাসন মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়েছে।
ফারুক হত্যা মামলার প্রধান আসামি সরকারদলীয় সংসদ সদস্য আমানুর রহমান খান রানা। এই মামলায় তাঁর অপর তিন ভাই টাঙ্গাইল পৌরসভার তৎকালীন মেয়র সহিদুর রহমান খান (মুক্তি), কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সানিয়াত খান (বাপ্পা) ও ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান খান কাকনসহ ১৪ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র প্রদান করা হয়েছে।
টাঙ্গাইল পুলিশ সুপার কার্যালয় সূত্র থেকে জানা গেছে, এই মামলার আসামিদের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর ব্যবস্থা নিতে গত সোমবার পুলিশ সুপার একটি চিঠি জেলা প্রশাসকের কাছে পাঠিয়েছেন।
সেখানে ওই চিঠিতে বলা হয়েছে, 'ফারুক আহমেদ নিহত হওয়ার পর জাতীয় সংসদে শোক প্রস্তাব গৃহীত হয়। আর তার পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী শোকসন্তপ্ত পরিবারকে তার কার্যালয়ে ডেকে সমবেদনা জ্ঞাপন করেন। আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনমনে সুশাসনের প্রতি আস্থা বৃদ্ধির লক্ষ্যে মামলাটি বিচার দ্রুততম সময়ে সমাপ্ত করার জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর প্রয়োজন।'
এই বিষয়ে জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন বলেছেন, 'মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর ব্যবস্থা নেয়ার পুলিশ সুপারের পাঠানো চিঠিটি তিনি পেয়েছেন। আর এই মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।'
উল্লেখ, বিগত ২০১৩ সালের ১৮ জানুয়ারি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য ও মুক্তিযোদ্ধা ফারম্নক আহমেদের গুলিবদ্ধি লাশ তাঁর কলেজপাড়ার বাসার সামন থেকে উদ্ধার করা হয়।