News71.com
 Bangladesh
 09 Aug 16, 02:28 PM
 398           
 0
 09 Aug 16, 02:28 PM

গত জুলাই মাসে দেশে সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৪০ শতাংশে ।।

গত জুলাই মাসে দেশে সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৪০ শতাংশে ।।

 

নিউজ ডেস্কঃ জুলাই মাসে সার্বিক মূল্যস্ফীতি পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৪০ শতাংশে। আগের মাসে তা ছিল ৫ দশমিক ৫৩ শতাংশ। তবে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে। জুলাই মাসে তা দাঁড়িয়েছে ৪ দশমিক ৩৫ শতাংশে।

জুন মাসে ছিল ৪ দশমিক ২৩ শতাংশ। তবে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ৯৮ শতাংশে। আগের মাসে তা ছিল ৭ দশমিক ৫০ শতাংশ। আজ রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক ব্রিফিং-এ পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল মূল্যস্ফীতির তথ্য তুলে ধরেন। এ সময় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সদস্যরা উপস্থিত ছিলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, ঈদের কারণে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি জুলাই মাসে কিছুটা বেড়েছে। তাছাড়া সরকার কৃষকদের উৎপাদিত খাদ্যপণ্যের ন্যায্য দামপ্রাপ্তি নিশ্চিত করতে বেশি দামে খাদ্যশস্যে কিনছে। মূল্যস্ফীতি বাড়ার এটি একটি কারণ। তথ্যানুযায়ী, জুলাই মাসে গ্রামে সার্বিক মুল্যস্ফীতি পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে কমে দাঁড়িয়েছে ৪ দশমিক ৫৪ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৪ দশমিক ৬৩ শতাংশ। খাদ্যপণ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৩ দশমিক ৫৯ শতাংশে। জুন মাসে তা ছিল ৩ দশমিক ৪৪ শতাংশ। খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ২৬ শতাংশে , যা তার আগের মাসে ছিল ৬ দশমিক ৭৯ শতাংশ।

অপরদিকে শহরে সার্বিক মূল্যস্ফীতি পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে কমে দাঁড়িয়েছে ৭ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৭ দশমিক ২৩ শতাংশ। খাদ্যপণ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ১১ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৬ দশমিক শুন্য ৬ শতাংশ। খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৭ দশমিক ৯৮ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৮ দশমিক ৪৮ শতাংশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন