
নিউজ ডেস্কঃ তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সরকারি বিশ্ববিদ্যালয়ে যারা জামাত-শিবির করে, যেসব শিক্ষক জামাত করে তাদের বের করে দেওয়া দরকার। কয়েক হাজার শিবিরের ছাত্র আছে, যারা একাত্তরে জন্মগ্রহণ করেনি, তারপরও রাজাকারের আদর্শ মেনে চলে ।
ইনু বলেন, দেশের প্রথম সারির পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে হাজারো ছাত্র-শিক্ষক জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের সঙ্গে সম্পৃক্ত থাকলেও জঙ্গিবাদ ইস্যুতে তাদের নিয়ে কেউ কেন কথা বলছেন না? এসময় জঙ্গি দমনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি নজর দেওয়ার তাগাদা দিয়েছেন তিনি ।
আজ রাজধানীতে ‘জঙ্গিবাদের উত্থান ও নাগরিক সমাজের করণীয়’ শিরোনামে এক আলোচনা সভায় বিষয়টি ওঠার পর তথ্যমন্ত্রী বলেন, যারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিপথগামী শিক্ষার্থী নিয়ে হৈ চৈ করে তাদের উদ্দেশ্যে বলব- চট্টগ্রাম, রাজশাহী, ঢাকা ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের মতো সুনামধারী বিশ্ববিদ্যালয়ে জামাত করে শিক্ষক আছে; যেসব বিশ্ববিদ্যালয়ে ৪৫ বছর ধরে জামাত-শিবির লালন করে তাদের নিয়ে কেউ কথা বলছেন না ।
ব্রাক সেন্টার ইন-এ ওই অনুষ্ঠানে তার আগে বক্তব্যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গি তৎপরতা নিয়ে কথা বলেন একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির। তথ্যমন্ত্রী বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ৭ লাখ শিক্ষার্থী পড়ে। এর মধ্যে ৫০০ জনও যদি জঙ্গিদের খাতায় নাম লেখায়, তবে সেটা সাধারণ ঝোঁক নয় ।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ ঝোঁক হচ্ছে গণতান্ত্রিক মূল্যবোধ। ১৬ কোটি মানুষের মধ্যে ১৬০০ পাগল জন্মাতেই পারে। ওই পাগলদের শায়েস্তা করার জন্য হেমায়েতপুরের পাগলা গারদ আর ফাঁসির দড়ি আছে ।
শাহরিয়ার কবিরকে পাল্টা প্রশ্নও করেন তথ্যমন্ত্রী আপনি একটা মানারাতের কথা বললেন, আরও ১০টি আছে জামাতিরা প্রতিষ্ঠা করেছে। কোই সেগুলোর কথাতো বললেন না? আহমাদীয়া মুসলিম জামা’তের আয়োজনে আলোচনা সভায় সংগঠনের আমির মোবাশ্বের রহমান সভাপতিত্ব করেন ।
অন্যদের মধ্যে অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর জেয়াদ আল মালুম, লেখক ও গবেষক মহিউদ্দিন আহমদ, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুর রশীদ, গণজাগরণ মঞ্চের সংগঠক মারুফ রসুল, ফাদার তপন ডি’ রোজারিও, বৌদ্ধ ভিক্ষু সুনন্দ প্রিয় ভিক্ষু বক্তব্য দেন ।