
নিউজ ডেস্ক: ঝিনাইদহের কালীগঞ্জের ছোট ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপবৃত্তির টাকা চাওয়ায় ৩৫ জন ছাত্রছাত্রীকে পিটিয়ে আহত করা হয়েছে। আহত শিক্ষার্থীরা হলো- ছোট ভাটপাড়া গ্রামের সাধন দাসের ছেলে ৫ম শ্রেণির ছাত্র সোহাগ (১১), একই গ্রামের নারায়ণ দাসের মেয়ে পিংকি দাস (৯), সন্তোষ দাসের মেয়ে ৫ম শ্রেণির ছাত্রী বিথিকা দাস (১১), বিপেন দাসের মেয়ে ৫ম শ্রেণির ছাত্রী ঋতু দাস (১১), হরিদাসের মেয়ে মুন্নি দাস, আনন্দ দাসের মেয়ে ৩য় শ্রেণির ছাত্রী ঋতুপর্ণা দাস (৯), রঞ্জন দাসের ছেলে ৫ শ্রেণি পড়ুয়া রনি দাস (১১), ভবেন দাসের যমজ দুই মেয়ে সততা ও সমতা, অশোক দাসের ছেলে ৩য় শ্রেণির ছাত্র অমিত দাস (৯), সাধন দাসের ছেলে ২য় শ্রেণির ছাত্র সজল দাস ( ৮)সহ প্রায় ৩৫ জন। এদের মধ্যে সোহাগের হাত ভেঙে গেছে বলে অভিযোগ পাওযা গেছে।
মঙ্গলবার দুপুরে ওই বিদ্যালয়ের টিউলিপ ম্যাডাম নামে এক শিক্ষিকা শিক্ষার্থীদের মারধর করেন বলে অভিযোগ। তিনি মারধর করেই ক্ষ্যান্ত হননি ছাত্র-ছাত্রীদের ছোট লোক, ইতর, অর্থলোভী, ফকিরের বাচ্চা বলে গালি দিয়ে তিরস্কার করেন।
ওই শিক্ষিকা আরো বলেন, ‘পড়া পারিস না আবার উপবৃত্তির টাকা চাস। টাকা দিব কি তোদের চেহারা দেখে। তোদের আজ মেরেই ফেলবো নীচু জাতের বাচ্চা। এ ঘটনায় বুধবার দুপুরে এলাকার শত শত অভিভাবক স্কুল ঘেরাও করে ওই শিক্ষিকার অপসারণসহ শিক্ষার্থীদের মারপিট করার বিচার দাবি করেন।
বুধবার এ ঘটনার পর জনরোষের ভয়ে শিক্ষিকা টিউলিপ স্কুলে যাচ্ছেন না। তবে ওই শিক্ষিকা ছাত্র-ছাত্রীদের গালি দিয়ে তিরস্কার করার কথা অস্বীকার করে বলেন, পড়া না পারার কারণে তাদের দুইটি করে বেত মেরেছি। আর এ ঘটনা নিয়েই এলাকাবাসী ফুঁসে উঠেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিভাবক শুকুর আলী, কিনা রাম দাস, সুফিয়া বেগমসহ একাধিক অভিভাবক অভিযোগ করেন, তাদের সন্তানদের ১২শ টাকা করে উপবৃত্তি দেওয়ার কথা। কিন্তু কাউকে ৫০, কাউকে ১শ আবার কাউকে ৪শ বা ৮শ করে টাকা দিয়েছে। নিয়মিত স্কুলে উপস্থিত ও ভাল রেজাল্ট করলেও কিনা রামের ছেলে কৃষ্ণ দাস ও মেয়ে অর্পনা দাস দুই জনকে মাত্র ২৫০ টাকা দিয়েছে।
অভিভাবকরা আরও জানান, ছাত্রছাত্রীদের ছবি অন্য বইতে লাগিয়ে টাকা তোলা হয়েছে। আবার অভিভাবকরা ছবি তুলে স্কুলে দিলেও শিক্ষকরা তা নেননি। সেই ছবি ফেরত দিয়ে ছবি তোলা বাবদ তাদের কাছ থেকে ৩০ টাকা করে নেয়া হয়েছে। ভাটপাড়া গ্রামের শুকুর আলী জানান, উপবৃত্তি টাকা বিতরণের ঘটনা জানার পর এলাকার ১শ অভিভাবকের স্বাক্ষরিত এক অভিযোগ উপজেলা নির্বাহী অফিসার ও শিক্ষা অফিসার বরাবর প্রেরণ করা হয়েছে। এ ঘটনা জানার পর ছাত্র-ছাত্রীদের পড়া না পারার অভিযোগে মারপিট ও গালিগালাজ করে তিরস্কার করা হয়। আমরা ওই শিক্ষিকার অপসারণসহ মারপিটের বিচার চাই। এ ব্যাপারে ছোট ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছুটিতে থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। উপজেলা শিক্ষা অফিসার সালমা খাতুনের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও ফোনটি বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। কালীগঞ্জের কোলা ক্লাস্টারের দায়িত্বে থাকা এটিও কামরুল বাসার ওমর ফারুক জানান, উপবৃত্তি দিতে সমস্যা হয়েছে, এটার একটি অভিযোগ এসেছে। সেটি যাচাই বাছাই করে দেখা হচ্ছে। ছাত্র-ছাত্রী মারপিটের বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা নিব।
উপজেলা নির্বাহী অফিসার মানোয়ার হোসেন মোল্যা জানান, কেউ আমার কাছে লিখিত অভিযোগ দেয়নি। মৌখিক অভিযোগ এসেছে, আমি সেটি মৌখিকভাবে ব্যবস্থা নিতে বলেছি। কেউ লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নিব।