
স্পোর্টস ডেস্কঃ জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ব্র্যান্ডন টেলরকে ক্রিকেটের সকল প্রতিযোগিতা থেকে সাড়ে তিন বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে । আইসিসি শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছে।আইসিসি জানায়, জিম্বাবুয়ের এই ক্রিকেটার আইসিসি’র আচরণবিধির মোট চারটি ধারা লঙ্ঘন করেছেন। তদন্তে টেইলর দোষী প্রমাণিত হয়েছেন। তিনি অভিযোগ স্বীকার করে নিয়েছেন এবং শাস্তি মেনে নিয়েছেন। এর আগে গত ২৪ জানুয়ারি টেইলর টুইটারে লিখেছিলেন, ‘গত দু’বছর ধরে একটা বোঝা বয়ে বেড়াচ্ছি। পরিস্থিতি আমাকে অন্ধকারের দিকে ঠেলে নিয়ে গেছে এবং মানসিকভাবে অত্যন্ত প্রভাব ফেলেছে। সম্প্রতি আমি গোটা ব্যাপারটা বন্ধু-বান্ধব এবং পরিবারকে জানাই এবং তাদের ভালবাসা ও সমর্থনে আজ সবাইকে এই ঘটনাটা জানাতে চাই।’ ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে টেইলর লিখেছিলেন, ‘২০১৯-এর অক্টোবরের শেষের দিকে ভারতের এক ব্যবসায়ী আমাকে স্পনসরশিপ এবং জিম্বাবুয়েতে চালু হতে চলা একটি টি-টোয়েন্টি প্রতিযোগিতার ব্যাপারে কথা বলতে সে দেশে যেতে বলেন। আমাকে মোটা টাকার প্রস্তাব দেওয়া হয়। একটু ভয়ে ছিলাম। কিন্তু গত ছ’মাস ধরে জিম্বাবুয়ে ক্রিকেট আমাদের একটাও টাকা না দেওয়ায় এটাও মাথায় আসছিল যে, আদৌ জিম্বাবুয়ে আর আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে পারবে কি না।’