
স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম ম্যাচে ঘরের মাঠে খুলনা টাইগার্সের বিপক্ষে ৬ উইকেটের ব্যবধানে হেরেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আন্দ্রে ফ্লেচার ও অধিনায়ক মুশফিকুর রহিমের দুর্দান্ত ইনিংসে ভর করে ৭ বল হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় খুলনা। বিপিএলের চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি চট্টগ্রাম।
দ্বিতীয় ওভারেই ১ রান সংগ্রহ করে বিদায় নেন ওপেনার কেনার লুইস। এরপর ব্যাট করতে নেমে উইল জ্যাকের সঙ্গে ৫৩ রানের দারুণ জুটি গড়েন আফিফ হোসাইন। উইল জ্যাক ২৮ রানে আউট হলেও আফিফ থিতু হয়ে ব্যাট করতে থাকেন। ৩৭ বলে ৩ চার ও ২ ছয়ে ৪৪ রানের ইনিংস খেলে পঞ্চদশ ওভারে বিদায় নেন আফিফ। আফিফের বিদায়ের পর বিপর্যয়ে পড়ে দল। ব্যাট করতে নেমে সাব্বির রহমান ৪, অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ৬, বেনি হাওয়েল ৫, শামীম হোসেন ২ ও রেজাউর রহমান আউট হন ৭ রানে। শেষদিকে নাঈমের ১৮ বলে অপরাজিত ২১ ও শরীফুল ইসলামের ৮ বলে ৭ রানে নির্ধারিত ২০ ওভারে চট্টগ্রামের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ১৪৩ রান। খুলনার হয়ে থিসারা পেরেরা সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন। বাকি সব বোলার ১টি করে উইকেট তুলে নেন।