
স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টানা দ্বিতীয় জয়ের দেখা পেল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। মুশফিকুর রহিমের খুলনা টাইগার্সকে ২৫ রানে হারিয়ে ম্যাচ জিতে নিল মেহেদি হাসান মিরাজের দল। প্রথমে ব্যাট করতে নেমে ১৯০ রানের বড় সংগ্রহ করে চট্টগ্রাম। জবাবে ব্যাট করতে নেমে ১৬৫ রানেই গুটিয়ে যায় খুলনা। মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সোমবার (২৪ জানুয়ারি) টস হেরে ব্যাট করতে নেমে দারুণ সূচনা করে চট্টগ্রামের দুই ওপেনার কেনার লুইস ও উইল জ্যাকস। ৯ বলে ২৯ রানের জুটি গড়ার পর ব্রেকথ্রু আনেন কামরুল ইসলাম রাব্বি। ১৭ রান করে জ্যাকসের বিদায়ের পর ১৪ বলে ২৫ রান করে বিদায় নেন আরেক ওপেনার লুইস। ব্যাট করতে নামা আফিফ হোসাইন রান আউট হয়ে ১৫ রান করে সাঝঘরে ফেরেন।
চতুর্থ উইকেটে ব্যাট করতে নামা অধিনায়ক মেহেদি মিরাজ সাব্বির রহমানকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন। ঝড়ো ইনিংস খেলার পথে নাভিন উল হকের শিকার হয়ে ৩০ রান করে বিদায় নেন মিরাজ। দুই ওভার পরেই থিতু হয়ে থাকা সাব্বির বিদায় নেন ৩২ রানের ইনিংস খেলে। শেষদিকে ব্যাটিংয়ে ঝড় তোলেন বেনি হাওয়েল ও নাঈম ইসলাম। হাওয়েল ২০ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন। নাঈম দুই ছক্কায় ৫ বলে ১৫ রানের ক্যামিও ইনিংস খেলে শেষ বলে বিদায় নেন। ৭ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভার শেষে চট্টগ্রামের সংগ্রহ দাঁড়ায় ১৯০ রান।