
স্পোর্টস ডেস্কঃ ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। আইসিসি সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বলা হচ্ছে, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জকে সঙ্গে নিয়ে যৌথভাবে বিশ্ব ক্রিকেটের বড় এ আসর আয়োজন করতে যাচ্ছে দেশটি। মঙ্গলবার (১৬ নভেম্বর) আইসিসির পরবর্তী বোর্ড সভায়, টি-টোয়েন্টি ও ওয়ানডে বিশ্বকাপের আয়োজক দেশের পাশাপাশি আইসিসির অন্যান্য টুর্নামেন্টের আয়োজক দেশ নিয়ে হবে চূড়ান্ত সিদ্ধান্ত।অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাতে শেষ হলো টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। অষ্টম আসরের আয়োজক অস্ট্রেলিয়া হলেও নবম আসরের আয়োজক চূড়ান্ত করতে দ্রুত সিদ্ধান্ত নেবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০ দল অংশ নেবে -এ তথ্য বেশ আগেই নিশ্চিত করেছিল আইসিসি। ২০ দলের এ টুর্নামেন্টের জন্য যৌথভাবে আবেদন করে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ।