
স্পোর্টস ডেস্কঃ সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে হাসপাতালে ভর্তি আমেরিকান তারকা গলফার টাইগার উডস। লস অ্যাঞ্জেলসের কাছে তার গাড়ি উল্টে গিয়ে দুই পায়ের বেশ কিছু জায়গায় কেটে গিয়েছে তার। স্থানীয় সময় মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকালে রোলিং হিল ইস্ট্যাট এবং র্যানচো পালোস ভের্ডেসের মাঝামাঝিতে এই দুর্ঘটনা ঘটে। তারকা গলফার উডসের ব্যক্তিগত অ্যাজেন্ট মার্ক স্টেইনবার্গ বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় পুলিশ জানায়, রাস্তায় শুধুমাত্র উডসের গাড়ি ছিল। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে বলে ধারণা করা হচ্ছে। পরে অগ্নিনির্বাপক এবং প্যারামেডিকেল দল গিয়ে তাদের উদ্ধার করে। কিছুদিন আগে পিঠের ইনজুরিতে পড়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল ৪৫ বছর বয়সী এই গলফার। গলফের ১৫টি মেজর টুর্নামেন্ট জেতা এই তারকার পায়ের ইনজুরি সেরে উঠতে বেশকিছু দিন সময় লাগবে বলে জানা গেছে।