
স্পোর্টস ডেস্কঃ রিয়াল মাদ্রিদ ছাড়তে তাকে বাধ্য করা হয়েছে। তবে নতুন ক্লাবের সন্ধান পাচ্ছিলেন না তিনি। রিয়ালও তাকে পাঠাতে পারছিলোনা নতুন কোনো গন্তব্যে। ক'টা দিন ভবঘুরে হয়ে ঘুরে বেড়িয়েছেন গ্যারেথ বেল। অবশেষে ঠিকানা খুঁজে পেয়েছেন ওয়েলশ ফরোয়ার্ড। সাবেক ক্লাব টটেনহ্যাম হটস্পারে ফিরে গেলেন বেল। ক'দিন ধরেই শোনা যাচ্ছিলো স্পারদের নাম। তবে আনুষ্ঠানিকভাবে জানা যাচ্ছিলো না কিছুই। দুই ক্লাব আসতে পারছিলোনা সিদ্ধান্তে। অবশেষে টটেনহ্যাম আনুষ্ঠানিকভাবে জানালো, এক মৌসুমের জন্য ধারে নিচ্ছে তারা বেলকে। বেলও সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেন বিষয়টি। ২০১৩ সালে ১০১ মিলিয়ন ইউরোর বিনিময়ে টটেনহ্যাম ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেন গ্যারেথ বেল। এখানে রোনালদো, বেল, বেনজেমা জুটি হয়ে ওঠে ত্রাস। তবে রোনালদোর পর এবার মাদ্রিদ ছাড়তে হলো বেলকেও। মূলত রিয়াল কোচ জিনেদিন জিদানের সঙ্গে দুঃসম্পর্কের কারণেই রিয়াল অধ্যায়ে ইতি টানতে হলো ওয়েলশের এই ফরোয়ার্ডকে।