
স্পোর্টস ডেস্কঃ কোয়ারেন্টিন জটিলতা কাটাতে সরাসরি শ্রীলঙ্কা না গিয়ে, বাংলাদেশে আসছেন টাইগারদের দুই কিউই কোচ ক্রেইগ ম্যাকমিলান এবং ড্যানিয়েল ভেট্টোরি। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন।কথা ছিলো টাইগারদের সঙ্গে শ্রীলঙ্কায় সরাসরি যোগ দেবেন নতুন ব্যাটিং পরামর্শক ক্রেইগ ম্যাকমিলান। আর তার সঙ্গী হবেন স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরি।নিউজিল্যান্ডে কোভিড পরিস্থিতি স্বাভাবিক থাকায়, কোয়ারেন্টিন ঝামেলা এড়াতে চেয়েছিলেন তারা। কিন্তু, কাল হলো সেই সিদ্ধান্তটাই। কোয়ারেন্টিনের সময়সীমা নিয়ে জটিলতায় আটকে আছে এখন পুরো লঙ্কা সফরটাই। চাটার্ড বিমানে যাওয়া ক্রিকেটারদের ক্ষেত্রে আইসোলেশন আইন কিছুটা শিথিল করা হলেও, অন্য দেশ থেকে উড়ে আসাদের ক্ষেত্রে কোনভাবেই নমনীয় হচ্ছে না শ্রীলঙ্কান সরকার।বাধ্য হয়ে তাই, কোচদের বাংলাদেশে ডেকে পাঠিয়েছে ক্রিকেট বোর্ড। এখানেই, ক্রিকেটারদের সঙ্গে কোভিড টেস্টের পর একসঙ্গে লঙ্কাভূমির উদ্দেশ্যে রওয়ানা দিবে বাংলাদেশ দল।