
আন্তর্জাতিক ডেস্কঃ হাতিদের সংসারে হানাদারি করতে গিয়ে প্রাণ হারাল চিতাবাঘ। শাবকের সুরক্ষা হাতির অগ্রাধিকার। হস্তিশাবককে তাড়া করে নিজেদের বিপদ ডেকে আনল দুটি পূর্ণবয়স্ক চিতাবাঘ। একটি চা বাগানের ঝোপে লুকোলেও,অন্যটি শেষরক্ষা করতে পারেনি। প্রাণ বাঁচাতে চিতাবাঘটি একটি গাছে উঠেছিল বটে। কিন্তু তাকে গাছ থেকে টেনে নামিয়ে শুঁড়ে পেঁচিয়ে আছড়ে মারল মাদি হাতি। গতকাল রবিবার সকালের এই ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে যান ভারতের পশ্চিমবঙ্গর কুচবিহারের মালবাজারের কাছে বেতগাড়া চা বাগানের শ্রমিকরা। এ দিন সকালে একটি হাতির পাল শ্লথগতিতে চলছিল বেতগাড়া চা বাগানের ভিতর দিয়ে। পালের আগে আগে ছটফট করতে দৌড়চ্ছিল একটি শাবক৷ কিছুটা এগিয়েও গিয়েছিল সে।
চা বাগানের শ্রমিকরা আচমকাই দেখতে পান,একটি মাদি হাতি তীব্র গতিতে ছুটছে। সামনে দুটি চিতাবাঘ। মাদি হাতিকে ছুটে যেতে দেখে একটি চিতাবাঘ তড়িৎগতিতে পালিয়ে যেতে পারলেও, অন্যটি দৌড়তে না পেরে কাছেই একটি গাছে উঠে পড়ে। সকালের আলো ফুটতে শ্রমিকরা তখন সদ্য চা পাতা তুলতে জড়ো হয়েছিলেন বাগানের একটি চৌপলে। ১৯টি হাতির পাল বাগানে ঘুরছে দেখেও প্রথমে গ্রাহ্য করেননি তাঁরা। হাতির পালের এমন বিচরণ ডুয়ার্সের অধিকাংশ চা বাগানের চোখ-সওয়া ছবি।
বাঘটি গাছে উঠলে কী হবে? হাতিদের তখন রাগ দেখে কে? গোটা দলটাই গর্জাচ্ছে। মাদির পিছন পিছন পালের সব কটি হাতি গাছটি ঘিরে ঝাঁকাচ্ছে। দূরে দাঁড়িয়ে যে একদল মানুষ ঘটনাটি দেখছে,ভ্রুক্ষেপই ছিল না হাতিদের। তারা তখন ব্যস্ত চিতাবাঘটিকে বাগে পেতে। ওরা ঝাঁকিয়েই চলেছে গাছটিকে। বিপদ বুঝেছিল চিতাবাঘটিও। আতঙ্কিত চিতাবাঘটি গাছের মগডাল থেকে কিছুটা নেমে এল কেন কে জানে! ততক্ষণে তাকে বাগে পেয়ে গিয়েছে মাদি হাতিটি। শুঁড়ে জড়িয়ে টেনে নামিয়ে আছাড় দিয়ে মেরে ফেলল আমাদের চোখের সামনে।