
আন্তর্জাতিক ডেস্কঃ পদত্যাগ করার পর কেবল দায়মুক্তিই পাচ্ছেন না জিম্বাবুয়ের সাবেক প্রেসিডেন্ট রবার্ট মুগাবে। প্রেসিডেন্ট থাকা অবস্থায় যে বেতন পেতেন তার পুরোটাই পাবেন জীবনভর। সঙ্গে পাবেন বড় অঙ্কের বরাদ্দ। আর তাঁর মৃত্যুর পরে স্ত্রী গ্রেস মুগাবেও আর্থিক সহায়তা পেতে থাকবেন। সেনাবাহিনী জিম্বাবুয়ের নিয়ন্ত্রণ নিয়ে নেওয়ার পর গত মঙ্গলবার অভিশংসনের মুখে পদত্যাগে বাধ্য হন মুগাবে। ইতি ঘটে তাঁর ৩৭ বছরের শাসনের। দায়মুক্তির শর্তে তিনি পদত্যাগে রাজি হন।এখন জানা যাচ্ছে,রবার্ট ও গ্রেস মুগাবে নির্বাসনের পরিবর্তে জিম্বাবুয়েতে আয়েশি জীবনযাপন করবেন। প্রেসিডেন্ট হিসেবে থাকার সময় বাৎসরিক দেড় লাখ ডলার বেতন পেতেন মুগাবে। এই অঙ্কের পুরোটাই পেতে থাকবেন বাকি জীবন। এর পাশাপাশি পদত্যাগের প্যাকেজ হিসেবে এক কোটি ডলারের বেশি দেওয়া হবে সাবেক প্রেসিডেন্ট দম্পতিকে। এর অর্ধেক দেওয়া হবে একসঙ্গে। বাকি অর্থ ধাপে ধাপে।
আর মুগাবের মৃত্যুর পর তাঁর স্ত্রী,যিনি গুচি গ্রেস নামে পরিচিত,মুগাবের বাৎসরিক বেতনের অর্ধেক পেতে থাকবেন। সাবেক প্রেসিডেন্ট হিসেবে মুগাবে সব ধরনের নিরাপত্তা পাবেন। মুগাবে পদত্যাগের জন্য নিজের এবং স্ত্রীর দায়মুক্তি ও আর্থিক স্বাচ্ছন্দ্যের শর্ত দেন। পদত্যাগের আলোচনার সমঝোতাকারীরাও বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্র জানায়,অভিশংসনের মুখে পদত্যাগের জন্য মুগাবে রাজি হওয়ার পর সেনা কর্মকর্তারা জরুরি বৈঠক ডাকেন। সেখানে প্রেসিডেন্টের শর্তগুলো নিয়ে আলোচনা হয় এবং ইতিবাচক সিদ্ধান্ত হয়।মুগাবের পদত্যাগে মধ্যস্থতাকারী ছিলেন খ্রিস্টান পুরোহিত রেভারেন্ড ফিদেলিস মুকোনোরি। তিনি বলেন,পদত্যাগের পরও প্রবীণ রাষ্ট্রনায়ক হিসাবে জিম্বাবুয়ের রাজনৈতিক ভূমিকায় থাকবেন রবার্ট মুগাবে। কী ভূমিকা থাকবে মুগাবের?
এ প্রশ্নে মুকোনোরি বলেন, প্রবীণ রাষ্ট্রনায়ক হিসাবে মুগাবে নতুন প্রেসিডেন্টসহ সবাইকে ‘উপদেশ’ দেবেন। ৯৩ বছর বয়সী মুগাবে গত মঙ্গলবার সামরিক বাহিনীর হস্তক্ষেপ এবং দেশবাসীর ব্যাপক বিক্ষোভের মুখে পদত্যাগ করেন। তার জায়গায় নতুন প্রেসিডেন্ট হিসাবে গত শুক্রবার শপথ নেন এমারসন এমনানগাওয়া।