News71.com
 International
 09 Sep 17, 05:30 AM
 164           
 0
 09 Sep 17, 05:30 AM

মাত্র তিন ঘণ্টার বৈঠকই বদলে দিল ভারত-চীন সম্পর্কের রসায়ন ।। সকল উত্তেজনার অবসান  

মাত্র তিন ঘণ্টার বৈঠকই বদলে দিল ভারত-চীন সম্পর্কের রসায়ন ।। সকল উত্তেজনার অবসান   

আন্তর্জাতিক ডেস্কঃ ডোকলামের তরাই এলাকার দখল নিয়ে দীর্ঘ প্রায় তিন মাস অচলাবস্থা চলার পরে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে এগিয়ে এসেছে ভারত-চীন দুই পক্ষই। সম্পর্কের বরফ গলার পিছনে ভারত-চীন দুই দেশেরই কূটনীতিকদের বড় হাত রয়েছে। জানা গিয়েছে,গত ২৭ আগস্ট তারিখে চীনের ভারতীয় রাষ্ট্রদূত বিজয় গোখলেকে ফোন করে আলোচনার জন্য ডাকা হয় চীনে। তিনি তৎক্ষণাৎ আসতে পারবেন কি-না তা জানতে চাওয়া হয়। গোখলে জানান,তিনি হংকংয়ে রয়েছেন। বেইজিং ফিরতে মধ্যরাত গড়িয়ে যাবে। সেইমতো তিনি বেইজিংয়ের বিমানের টিকিট কেটে ফেরত আসেন। এবং রাত দুটোর সময়ে চীনা কর্তৃপক্ষের সঙ্গে ডোকলাম নিয়ে বৈঠকে বসেন। তারপরই মোট তিন ঘণ্টার আলোচনার পর দুই পক্ষ সিদ্ধান্তে উপনীত হয় বলে জানা গিয়েছে।

ভারত ও চীন এশিয়ার সবচেয়ে বড় দুই শক্তিধর দেশ। সমস্যা সমাধানে বৈরিতা না বাড়িয়ে যেভাবে পরিণতমনস্ক মনোভাব দেখিয়েছে বেইজিং ও নয়া দিল্লি তাতে কূটনৈতিক স্তরে দুই দেশকেই ধন্য ধন্য করছে সারা বিশ্ব। গত জুন মাস থেকেই ডোকলামের তরাই এলাকায় ভারত-চীন দুই দেশের সেনা নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়ায়। চীন বারবার সেনা সরানো নিয়ে ভারতকে হুঁশিয়ারি দিলেও নয়া দিল্লি তা অগ্রাহ্য করে সেনা মোতায়েন রাখে। পাশাপাশি জানিয়ে দেয়,একতরফা সেনা সরানো কোনোভাবে সম্ভব নয়। চীন সেনা সরালে তবেই ভারত সেনা সরাবে।

প্রসঙ্গত,ভারত,ভূটান ও চীনের সীমানায় ত্রিভূজাকৃতি বিন্দুতে অবস্থান এই ডোকলাম তরাই এলাকার। গত জুন মাসের শুরু থেকে এই এলাকার দখল নিয়ে ভারত-চীন দ্বন্দ্ব চলেছে। চীন বিতর্কিত ডোকলাম তরাই এলাকাকে নিজেদের বলে দাবি করে সেখানে রাস্তা তৈরি করতে উদ্যত হয়। ভূটান জানিয়ে দেয়,এই এলাকা চীনের নয়। বস্তুত ভারত-ভূটান-চীন সীমান্তের মাঝের একটি বিতর্কিত অংশ এটি। আর সে জন্যই ভূটানের পাশে দাঁড়িয়ে ডোকলামে সেনা নামায় ভারত। চিনের রাস্তা তৈরির পরিকল্পনা আটকে দেওয়া হয়। তখন থেকেই ডোকলাম ঘিরে বারবার দুই দেশের কূটনৈতিক সম্পর্ক উত্তপ্ত হয়েছে। যদিও দ্বিপাক্ষিক আলোচনার পর পরিস্থিতির উন্নতি হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন