
আন্তর্জাতিক ডেস্কঃ শক্তিশালী ভূমিকম্পে নড়ে গিয়েছে মেক্সিকো। ভেঙে পড়েছে বহু ঘর- বাড়ি। ভূমিকম্পের ৪৮ ঘণ্টা পার হয়েছে। ধ্বংসস্তূপের ভিতর থেকে মিলছে মৃতদেহ। নিহতের সংখ্যা বেড়ে ৭০। আরও মৃত্যুর আশঙ্কা থাকছে। দেশের প্রেসিডেন্ট এনরিক পেনা নিতো জানিয়েছেন,গত ৮৫ বছরে এটিই সবচেয়ে বড় ভূমিকম্প। প্রতিবেশী মেক্সিকো যখন প্রবল কম্পনের ধাক্কায় বেসামাল তখন মার্কিন যুক্তরাষ্ট্র সরকার কি বিভেদ ভুলে সাহায্যে এগিয়ে আসবে? আন্তর্জাতিক মহলে ঘুরছে এই প্রশ্ন। মার্কিন কুর্সিতে বসার পর সীমান্ত নিয়ে মেক্সিকোর সঙ্গে সংঘাতে গিয়েছেন ট্রাম্প। তবে মেক্সিকোর পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন অপর প্রতিবেশী গুয়াতেমালা। মধ্য আমেরিকার এই দেশটির সরকার জরুরি পরিষেবা দেওয়ার পদক্ষেপ নিতে চলেছে।
প্রাকৃতিক বিপর্যয়ের পর এখন জীবন বাঁচানোর তুমুল লড়াই মেক্সিকো জুড়ে। দেশের দক্ষিণ উপকূল বরাবর ধংস হয়ে যাওয়া বিভিন্ন শহরে উদ্ধারকারী দল ধংস স্তূপ সরিয়ে আটকে পড়াদের বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। সরকারী সূত্রে জানানো হয়েছে,তবে এখনও বহু মানুষ ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে আছেন। বেশিরভাগটাই হয়েছে অক্সাকায়। গতকাল বৃহস্পতিবার ভূমিকম্পের ধাক্কা লেগেছে দেশের রাজধানী মেক্সিকো সিটিতে ছড়িয়ে পড়ে। ভূমিকম্পের ফলে বিদ্যুৎব্যবস্থা ভেঙে পড়েছে। এলাকায় অনেক ক্ষয়ক্ষতিও হয়। ভূমিকম্পের কারণে স্কুল ও কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।